সিটি কর্পোরেশন নির্বাচন

সিলেটে বিএনপি প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা, সুবিধায় কামরান

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১০
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পুরোপুরি জমে উঠার আগেই সিলেটে বিএনপি‘র প্রার্থীদের মধ্যেই যেন শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল ও পরস্পরের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত। সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামী লীগের প্রাথর্ি বদরউদ্দিন আহমদ কামরান। এদিকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় ১৬৬ জন কাউন্সিলার (সংরক্ষিত সহ) প্রার্থীর মধ্যে ২২ জনের এবং মেয়র প্রার্থী ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এক জন মেয়র প্রার্থী বাদে অনেকেই আপিল করেছেন। আগামী ১৯ জুন পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। আপিল দায়েরের ৩ দিনের মধ্যে নিষ্পত্তি। ২২ জুনের মধ্যে সবগুলো আপিলের চুড়ান্ত নিষ্পত্তি হওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জুনের সিটি কর্পোরেশন নির্বাচনটি বেশ জমে উঠবে বলে মনে করা হচ্ছে। আওয়ামীলীগের এক প্রার্থী ও বিএনপির একাধিক প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। পর্যবেক্ষকরা মনে করছেন এবার মেয়র নির্বাচনে ১৮ দলীয় জোট একত্রে কোন প্রার্থী দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠার সুযোগ রয়েছে। কিন্তু ১৮ দলের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব প্রবল। গত বৃহসপতিবার ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের জরুরী সভায় তাদেরই আরেক প্রার্থী আরিফুল হকের বিরুদ্ধে বিষোদগার করেছে। সভায় বলা হয় সিলেট নগরবাসী কোন দুর্নীতিবাজকে মেয়র পদে দেখতে চায় না। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে একজন সত্, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকে বিএনপি থেকে মনোনয়ন য়ো প্রয়োজন। বিগত সাড়ে চার বছর আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন সংগ্রামে আরিফুল হকের কোন ভূমিকা নেই। এমনকি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে কোন আন্দোলন সংগ্রামেও তিনি ছিলেন না। সুতরাং আরিফুল হককে মনোনয়ন দেওয়া হলে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ, সিলেট জেলা-মহানগরের তৃণমূল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এমনকি সিলেট নগরীর জনসাধারণ তাকে প্রত্যাখান করবে বলে সভায় মতপ্রকাশ করা হয়। মূলত এটি বিএনপির গ্রুপিং রাজনীতির বহি:প্রকাশ বলে অনেকেই বলেছেন। এদিকে বুধবার রাতে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সাথে ১৪ দলের মেয়র প্রার্থী বদরউদ্দিন কামরানের কথিত বৈঠক নিয়েও কথা উঠেছে। তবে এম এ হক তার সাথে কামরানের সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছেন। বেশ ক‘দিন আগে সিলেট বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়র প্রার্থী করার দাবি জানানো হয়। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলেন ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন-দলের কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, সেক্রেটারী আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান এবং জামায়াতের কারাবন্দি প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের। গত বৃহসপতিবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাইকালে যথাযথ কাগজপত্র উপস্থাপন না করা ও ঋণখেলাপির দায়ে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলে সিটি কর্পোরেশনের আওতাধীন ২৭টি সাধারণ ওয়ার্ডের বৈধ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়ালো এ পর্যন্ত ১৬৬ জনে। গত বুধবার মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই হয়। এতে ৭ জন মেয়র প্রার্থীর মধ্যে দু‘জনের ও সংরক্ষিত ওয়ার্ডের ৩৬ জন নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীতা বাতিল হয়েছে বিএনপি নেতা নাসিম হোসাইন ও সালাউদ্দিন রিমনের। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসেন তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার ও বৃহসপতিবার মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। ২৬ মে পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ হবে ১৫ জুন।\