মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী ঘোষণার দাবি নিয়ে দেশের ৬৪ জেলা বাইসাইকেল ভ্রমণে বের হয়েছেন মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী নুর ইসলাম ও মনিরুল ইসলাম।
মহেরপুর থেকে যাত্রা শুরু করে কুষ্টিয়া জেলা পার হয়ে গত সোমবার রাতে পাবনায় এসে পৌঁছান তারা। মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সাথে সাক্ষাত করে তাদের ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানান। দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলেন। পরে সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষকদের সাথে সাক্ষাত করে লিফলেট বিতরণ করেন। শেষে ভ্রমনের চতুর্থ জেলা নাটোরের উদ্দেশ্যে তারা পাবনা থেকে রওনা দেন।
আলাপকালে তারা জানান, নবাব আমলের আমঝুপি নীলকুঠি, বাংলার স্বাধীনতার উদয়-অস্ত হূদয়ে ধারণ করে দাঁড়িয়ে আছে মুজিবনগর, জগন্নাথবাবুর মন্দির। সর্বোপরি স্বাধীনতা অর্জনে মেহেরপুর জেলার ভূমিকা অনস্বীকার্য। মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী ঘোষণার দাবিতেই তাদের এই বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ। দুই শিক্ষার্থী বলেন, মেহেরপুরের গৌরবগাঁথা সারাদেশের মানুষকে জানান দিতে তাদের এই উদ্যোগ। আগামী তিন মাসের মধ্যে ৬৪ জেলা বাইসাইকেল ভ্রমণ শেষ করা হবে। তাদের দাবি, মেহেরপুরকে দেশের সর্বপ্রথম রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া হোক।
