বাসাইল পৌরসভার প্রথম নির্বাচন আজ

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১১
আজ ১৮ মে শনিবার টাঙ্গাইলের নব গঠিত বাসাইলে প্রথম পৌরসভা নির্বাচন আনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বাসাইলের সর্বত্র উত্সব মুখর পরিবেশ বিরাজ করছে। চা দোকান থেকে শুরু করে নির্বাচনী প্রতিটি পাড়া মহল্লার ভোটারদের মাঝে প্রা্রার্থীদের নিয়ে উত্সাহ-উদ্দীপনা, আলোচনা-সমালোচনার উত্সবের আমেজ বিরাজ করছে। রয়েছে টান টান উত্তেজনা। শেষ মুহুর্তে প্রার্থিরা ভোটারদের মন জয় করতে আবলম্বন করছেন বিভিন্ন প্রকার কৌশল। দলীয় ভিত্তিতে নির্বাচন না হলেও অধিকাংশ মেয়র প্রার্থী রাজনৈতিক পরিচয়ে ভোটযুদ্ধে নেমেছেন। আবার কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও কে কোন দলের প্রার্থী জিজ্ঞেস করলে তারা কোন দলের পরিচয় দিতে রাজি নন। তবে এলাকার ভোটারদের সাথে আলাপ করে জানাযায়, তারা সত্, যোগ্য, মেধাবী এবং যাকে সব সময় এ নব গঠিত পৌরসভার উন্নয়নে পাশে পাওয়া যাবে এমন একজন প্রার্থীকে তাদের পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন। এ নিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত ভোটারদের মাঝে চলছে প্রার্থীদের নিয়ে নিরীক্ষন পর্যবেক্ষণ এবং নানা প্রকার বিশ্লেষণ। ৯টি ওয়ার্ড নিয়ে বাসাইল পৌরসভা গঠিত। মোট ভোটার ১৪ হাজার ৩২৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৫১ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৪৭৮ জন। মেয়র পদে নির্বাচন করছেন ৬ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং কাউন্সিলর পদের নির্বাচন করছেন ৪০ জন। উল্লেখ্য বাসাইল পৌরসভার এ নির্বাচনে ১০টি কেন্দ্রের ৫২টি বুথে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাবিবা আখতার। মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হচ্ছেন, দুই বারের বাসাইল সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান (তালা), বাসাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাসাইল কলেজের সাবেক ভিপি এনামুল করিম অটল (জাহাজ), বাসাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান আপেল (আনারস), উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ওহিদুল ইসলাম মোস্তফা (কাপ পিরিচ), কৃষক শ্রমিক জনতালীগের অঙ্গ সংগঠন যুব আন্দোলনের বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু (দোয়াত কলম) ও প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ছানোয়ার হোসেন খান মাখন (টেলিভিশন)।