দুই ইউনিয়নের ছয় গ্রামের জলাবদ্ধতা নিরসনে মঠবাড়িয়া-বাবুরহাট-পাথরঘাটা সড়কের সাপলেজা বাজার সংলগ্ন কাচারিবাড়ী খালের উপর এলজিইডির নির্মিত কার্পেটিং রাস্তা গতকাল শুক্রবার সকালে বিক্ষুব্ধ জনতা কেটে দিয়েছে। এসময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা কাটায় বাধা দিলে পুলিশের সাথে স্থানীয় জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাস্তা কাটার কারণে মঠবাড়িয়া-বাবুরহাট-পাথরাঘাটা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলার আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের কাচারিবাড়ী সংযোগ খালে ২০ বছর পূর্বে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড একটি বাঁধ নির্মাণ করে। পরে ওই বাঁধের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মঠবাড়িয়া-পাথরঘাটা দুই উপজেলার জনগণের যাতায়াতের সুবিধার্থে পাকা রাস্তা নির্মাণ করে। ওই কাচারিবাড়ী খালের ওপর স্লুইসগেট নির্মাণ না করে অপরিকল্পিত বাঁধ ও রাস্তা নির্মাণ করার কারণে দুই ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ২০ হাজার লোক ২০ বছর ধরে বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে চরম দুর্ভোগ পোহায়। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে টানা দু’দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতা শুক্রবার সকালে সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নে মাইকিং করে লোকজন জড়ো করে রাস্তা কাটা শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি রাস্তা কাটায় বাধা দিলে এলাকাবাসী পুলিশকে ধাওয়া করে। পুলিশ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ৩/৪ জনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি করে। সাপলেজার ইউপি চেয়ারম্যান সেলিম জমাদ্দার জানান, এলাকাবাসী দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছিল। বিক্ষুব্ধ জনতা বাঁধটি কেটে দেয়। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন জানান, জলাবদ্ধতার কারণে বিক্ষুব্ধ জনতা রাস্তা কেটে পানি সরিয়েছে। কিন্তু সরকারি রাস্তা এভাবে কাটা ঠিক হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান, জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়ার আগেই রাস্তাটি কেটে দেয়া হয়েছে। উল্লেখ্য, ওই স্থানে স্লুইস গেট নির্মাণের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল।
