চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১২
চট্টগ্রাম বন্দরে ঘূর্ণিঝড় এলার্ট ৩ প্রত্যাহারের পর বন্দরে স্বাভাবিক কার্যক্রম ফের শুরু হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে যাওয়ায় বন্দরে এলার্ট ৩ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বিকাল ৪টা থেকে বন্দরে জাহাজে পণ্য ওঠানামার কাজ আবারো শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বহির্নোঙ্গরে পাঠিয়ে দেয়া জাহাজগুলোকে আবার জেটিতে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার স্কোয়াড্রন লিডার রবিউল ইত্তেফাককে জানান, বিমানবন্দর থেকে কিছু কিছু যন্ত্রপাতি খুলে ফেলা হয়েছিল। সেগুলো আবার সংযোজন করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হবে বলে জানান তিনি।