কাশিয়ানীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে অজ্ঞান পার্টির লুটপাট

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১২
গোপালগঞ্জের কাশিয়ানীতে সৌদি আরব প্রবাসী মফিজুর রহমান শেখের স্ত্রী স্বপ্না রহমানকে (২৮) হত্যা করে অজ্ঞান পার্টির সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করেছে। নিহতের ছেলে শাওন রহমান শেখকে (১২) অচেতন অবস্থায় কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী উপজেলার পূর্ববরাশুর গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত ১৫-২০ দিন আগে অজ্ঞান পার্টির সদস্যরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নিহত স্বপ্না রহমানের বাড়ির একটি ঘর ভাড়া নেয়। ৫ দিন পর আরো ২ জন অজ্ঞান পার্টির সদস্য ভাড়া বাড়িতে থাকতে আসে। অজ্ঞান পার্টির সদস্যরা বুধবার রাতে স্বপ্না ও তার ছেলে শাওনকে নিমন্ত্রণ করে খাবারের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খেতে দেয়। পরে রাতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করা শুরু করে। এ সময় ছেলে শাওন অচেতন হলেও মা স্বপ্না বেগম অচেতন হননি। তিনি লুটপাটে বাধা দিলে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।