গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্জিনা বেগম (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা গার্মেন্টস কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর লাশ ভ্যানযোগে নিহতের পিতার বাড়িতে পাঠানো হলে গ্রামবাসী ভ্যান চালক জালালকে আটক করে ।
উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মর্জিনা বেগমের সাথে প্রায় আড়াই বছর পূর্বে একই ইউনিয়নের পুন্তাইড় শিংজানী গ্রামের খোকন মিয়ার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই খোকন মিয়া ও মর্জিনা বেগম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেয়। গত সোমবার তারা ছুটিতে মহিমাগঞ্জে এসে গোপালপুরে মর্জিনার বাবার বাড়িতে ওঠে। অভিযোগে জানা যায়, বুধবার সকালে খোকন মিয়া আলুগাড়ি গ্রামে গোপনে তার প্রথম স্ত্রী হাজরা বেগমের বাড়িতে যায়। খবর পেয়ে মর্জিনা বেগম সেখানে পৌঁছলে খোকন মিয়া, হাজরা বেগম ও তার লোকজন তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তার অবস্থা বেগতিক হলে তাকে গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। পরে ওই ভ্যানেই তার লাশ বাবার বাড়িতে নিয়ে আসলে গ্রামবাসী ভ্যান চালককে আটক করে।
নিহতের মামা শমসের আলী অভিযোগ করেন ৪ মাসের অন্তঃসত্ত্বা মর্জিনাকে, খোকন মিয়া পিটিয়ে হত্যা করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
