জেলার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সাত্তারের নরসিংদীস্থ বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা করেছে। শহরের ভেলানগরস্থ তার বাড়িতে গত বুধবার রাতে পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। প্রথম বোমার আঘাতে বাড়ির গেট দুমড়ে মুচড়ে যায়। পরের বোমাটি প্রধান গেইটের পিলারে লেগে চারদিক বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। কে বা কারা বোমা হামলা করেছে এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার টুকরো উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ডের পর একদল উচ্ছৃঙ্খল জনতা হাজী আব্দুস সাত্তারের উক্ত বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছিল।
