মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ার এক বিয়ে বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ২টা থেকে আধা ঘণ্টা ধরে অস্ত্রের মুখে এই লুটপাট চলে। প্রবাসী হাজী নেকবর জমাদ্দারের কন্যার বিয়ের আয়োজন থেকে ঘুমন্ত লোকজনকে বেঁধে রেখে ও মারপিট করে ডাকাত দল ৩০ ভরি স্বর্ণ, ১৫টি মোবাইল ও ১ লাখ ২০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
পরে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ মুক্তারপুর সেতু থেকে ইসলাম (৩৩) ও শফিকুল (৩৫) নামের দুই ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত প্রায় তিন ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আটজন ও যাত্রাবাড়ী থেকে দুইজন মোট ১০ জনের ডাকাত দল সিএনজি স্কুটার নিয়ে ডাকাতি করতে এখানে আসে। তবে বাকি আট ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত অন্যান্য মাল ও ডাকাতদের ব্যবহূত অস্ত্র-স্কুটার উদ্ধারের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের বজলু মিয়ার পুত্র ইসলাম (৩৩) ও কুমিল্লার লাঙ্গলকোর্টের আব্দুর রহমানের পুত্র শফিকুল (৩৫) দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
