রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দুইটি মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুইটি মামলা সিআইডিতে স্থানান্তরের নির্দেশ দেয়ার পর শুক্রবার উক্ত মামলায় গ্রেফতার সোহেল রানা ও তার বাবা আব্দুল খালেককে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঘটনার পর সাভার থানায় এসআই ওয়ালী আশরাফ খান বাদী হয়ে দণ্ডবিধি ৩০৪ (ক) (অবহেলাজনিত কারণে মৃত্যু) ধারায় দায়ের করা মামলা ও রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহম্মেদ বাদী হয়ে ইমারত আইনে দায়ের করা মামলা দুইটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। অবহেলাজনিত কারণে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, গার্মেন্টস মালিক আমিনুল ইসলাম, ডেভিড মেয়র রেকো, আনিসুজ্জামান ও বজলুস সামাদকে আসামি করা হয়। ইমরাত আইনে দায়ের করা মামলায় একমাত্র আসামি সোহেল রানা। এই দুই মামলায় প্রথম দফায় পুলিশের কাছে ১৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে হত্যা মামলায় আরো ৫ দিনের রিমান্ডে রয়েছে সোহেল রানা। মামলার ডকেট ও আসামি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
সিআইডি সূত্রে জানা গেছে, এই দুইটি মামলার তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এএসপি বিজয় কৃষ্ণ কর। তদন্ত কর্মকর্তা জানান, মামলা দুইটি অধিক তদন্তের জন্য রবিবার দুই আসামিকে আরো রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া এই দুই মামলায় ইতিমধ্যে করা তদন্তের বাইরে আরো কয়েকটি বিষয় বিবেচনায় এনে তদন্ত করা হবে। গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর ২৮ এপ্রিল যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। একদিন পর রাজধানীর মগবাজার থেকে সোহেল রানার বাবা আব্দুল খালেককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গার্মন্টেস মালিকদের মধ্যে বিদেশি ডেভিড মেয়র রেকো বাদে বাকিরা আদালতে আত্মসমর্পণ করেন।
