গতকাল শুক্রবার গোপালগঞ্জে ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। পিকআপের হেলপার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে। গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের আরোহী স্কুলছাত্র সাধন (১৪) ছিটকে রাস্তায় পড়ে নিহত হয়েছে। একইদিন ঢাকা জেলার কেরানীগঞ্জ-জিঞ্জিরা সড়কে বেবিট্যাক্সির সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও দুই আরোহীর একজন নিহত হয়েছে। অপর আরোহী ও বেবিট্যাক্সির চালক গুরুতর আহত। খবর নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতার।
গোপালগঞ্জ:গোপালগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ৩ জন নিহত হয়েছে। পিকআপের হেলপার গোপালগঞ্জ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত পিকআপ চালক, ট্রাক হেলপার ও পিকআপ হেলপারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাতে সেখানে পিকআপ চালক ও ট্রাকের হেলপার মারা যায়। পিকআপ ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর নামকস্থানে লোকাল বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী স্কুলছাত্র সাধন বিশ্বাস (১৪) ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সাধন গান্ধিয়াশুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে ও টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্র।
কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে জিঞ্জিরা-নবাবগঞ্জ সড়কের প্রহরীভিটা নামক স্থানে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর আরোহীসহ দুইজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে। মোটরসাইকেল আরোহী মো. রাসেল (১৮) এবং তার বন্ধু মো. রাসেল (১৭)। আহতরা হচ্ছে মোটর সাইকেল আরোহী অপর বন্ধু মো. ফয়সাল (১৯) এবং সিএনজি অটোরিকশা চালক মো. আব্দুস সামাদ (৪৫)। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। থানা জানায়, নিহত দুই রাসেল তাদের বন্ধু ফয়সাল মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রামের কান্দার দিকে যাওয়ার সময় প্রহরীভিটা নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকের আরোহী মো. রাসেল (১৭) নিহত হয়। গুরুতর আহত দুই বন্ধু রাসেল (১৮), মো. ফয়সাল এবং সিএনজি চালক মো. আব্দুস সামাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অপর আরোহী রাসেল মারা যায়। নিহত এক রাসেলের বাবার নাম মো. আবুল হাজী এবং অপর রাসেলের বাবার নাম মো. সিরাজুল ইসলাম। তাদের দুইজনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের বলসুতা গ্রামে।
