বেড়িবাঁধ নিয়ে নতুন আশংকায় সাতক্ষীরার উপকূলবাসী

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:১৫
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর আঘাত থেকে এ যাত্রা রক্ষা পেলেও সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি বাঁধ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। নদীর প্রবল জোয়ারের তোড়ে উপকূলীয় এলাকার বিভিন্ন বেড়ি বাঁধে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে বাঁধ ভেঙ্গে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এদিকে ঘূর্ণিঝড় ‘মহাসেন’ চলে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার আগে শ্যামনগর ও আশাশুনির ২০ হাজার মানুষ আশ্রয় কেন্দ্র ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। এদিকে দেবহাটার সীমান্ত ইছামতি নদীর বেড়ি বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে ওই এলাকার ১০টি গ্রাম। শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, ওয়াপদার বেড়ি বাঁধের তিনটি পয়েন্ট ঝুঁকির মধ্যে পড়েছে। পশ্চিম পাতাখালী ও ঝাপা’র মধ্যবর্তী স্থান, পূর্ব পাতাখালী বাজারের উত্তর পাশে এবং কামালকাঠি প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে বেড়ি বাঁধের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে মাটির বস্তা ফেলে, বাঁশ দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার চেষ্টা অব্যাহত রেখেছেন। আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, খোলপেটয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে স্থানীয় বিছট গ্রামের গাজী বাড়ির সামনে পাউবো’র বেড়ি বাঁধে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে বাঁধটি ভেঙ্গে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়তে পারে। বিষয়টি পাউবো’র কর্মকর্তাকে জানানো হয়েছে। একই অবস্থা বাগালী এলাকায়। জরুরি ভিত্তিতে এসব বাঁধ সংস্কার করা দরকার বলে তিনি জানান। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড আওতাধীন কমপক্ষে ৩০টি স্থানে বেড়ি বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হলেও বরাদ্দ না পাওয়ায় বাঁধগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে বলে তিনি জানান।