উপজেলার মাজড়ায় আলহাজ্ব এ জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার ভোরে স্কুল মাঠ দখল করে চাষ করার ঘটনা ঘটেছে। এ সময় ভূমিদস্যুর নেতৃত্বে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ স্কুলের অফিস কক্ষ ভাংচুর করে। এ ঘটনায় গতকাল সকালে ভূমিদস্যু শিহাব উদ্দিন ওরফে মাহাবুব তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, স্কুল মাঠ দখলমুক্ত ও দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিদস্যু শিহাব উদ্দিন ওরফে মাহাবুব তালুকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ২টি ট্রাক্টর নিয়ে গতকাল ভোরে স্কুল মাঠে আসে। তারা স্কুলের নাইটগার্ড মো. আলমগীর ঠাকুরকে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এ সময় তারা ট্রাক্টর দিয়ে স্কুল মাঠে চাষ দিয়ে পাটের বীজ ছিটিয়ে দেয়। পরে তারা অফিস কক্ষসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে।
উল্লেখ্য, স্কুল মাঠের জায়গা নিয়ে আদালতে স্কুল কর্তৃপক্ষ ও শিহাব উদ্দিন ওরফে মাহাবুব তালুকদারের মধ্যে মামলা রয়েছে। জমি দখল দেখাতে মাহবুব হঠাত্ করে স্কুল মাঠে চাষ দেয় বলে জানা যায়।
