সংসদে গেলে তত্ত্বাবধায়ক ইস্যু তুলতে পারে বিএনপি

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:২২
প্রধান বিরোধী দল বিএনপি সংসদে আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীতে এক যুব সমাবেশে বক্তৃতাকালে তিনি এই ঘোষণা দেন। তবে সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য এমকে আনোয়ার ইত্তেফাককে বলেন, বিএনপি সংসদের এ অধিবেশনে যাবে- দলের এমন কোন সিদ্ধান্তের কথা তার জানা নেই। এ ধরনের কোন সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। সংসদে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, মওদুদ আহমেদ সাহেব দলের স্থায়ী কমিটির সদস্য হিসাবে সংসদে যোগদানের ব্যাপারে তার মতামত দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত বা নির্দেশ আমি পাইনি। এ ধরনের সিদ্ধান্ত হবে বিএনপির সংসদীয় দলের সভায়। যেহেতু বাজেট অধিবেশন বসবে আগামী ৩ জুন সেহেতু এখনো অনেক সময় আছে। সংসদীয় দল বসেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদে যাওয়ার সিদ্ধান্ত যদি হয়, তাহলে সেখানে আমরা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমাদের বক্তব্য রাখবো। এ ব্যাপারে ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বলেছি আমরা সংসদে যেতে চাই, যাব। এখন দলীয় ফোরামে আনুষ্ঠানিকতা শুধু বাকি। বিষয়টি গোপন করার কিছুই নেই। সংসদে না গেলে পরিণতি কী হবে? সদস্য পদ কী থাকবে? এদিকে বিএনপির একাধিক সংসদ সদস্য জানান, দলের হাইকমান্ড থেকে তাদের চলতি মাসের শেষ দিকে রাজধানীতে উপস্থিত থাকার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। এতে তারা ধরেই নিয়েছেন যে, সদস্য পদ টিকিয়ে রাখার জন্য আসন্ন বাজেট অধিবেশনে যোগদান করতে হবে। সংসদে জামায়াতের ২ জন সদস্য রয়েছেন। তারা হলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) থেকে নির্বাচিত হামিদুর রহমান আযাদ এবং চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের আ ন ম শামসুল ইসলাম। এদের মধ্যে হামিদুর রহমান আযাদের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তিনি বর্তমানে পলাতক। আ ন ম শামসুল ইসলাম এমপির উদ্ধৃতি দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা গতরাতে ইত্তেফাককে বলেন, তারা আসন্ন বাজেট অধিবেশনে যোগদান করবেন। তবে কত দিন তারা অধিবেশনে থাকবেন-তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সংসদ সচিবালয়ের সূত্র জানায়, গত ৩০ এপ্রিল পর্যন্ত বর্তমান নবম সংসদের ১৭টি অধিবেশন বসেছে। এসব অধিবেশনে কার্যদিবস ছিল ৩৭০ দিন। টানা ৭৭ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিএনপি তাদের জোটের সংসদ সদস্যদের নিয়ে সর্বশেষ ১৮ মার্চ দ্বাদশ অধিবেশনে যোগ দিয়েছিল। কিন্তু এ অধিবেশনে তাদের উপস্থিতি ছিল মাত্র তিন দিন। ২০ মার্চ তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতির মধ্যেই গত ৩০ এপ্রিল সংসদের সপ্তদশ অধিবেশন শেষ হয়। সেই অনুযায়ী গত বছরের ২১ মার্চ থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যদের অধিবেশনে অনুপস্থিতি হচ্ছে ৮৩ কার্যদিবস। সংবিধান অনুযায়ী বিরোধী দলের সংসদ সদস্যরা যদি আগামী বাজেট অধিবেশনে প্রথম ৭ কার্যদিবস অনুপস্থিত থাকেন তাহলে তাদের সদস্য পদ বাতিল হতে পারে। তারা যদি সদস্য পদ বহাল রাখতে চান সেক্ষেত্রে তাদের বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশনে যোগদান করা ছাড়া কোন গত্যন্তর নেই।