ফের কর্মচঞ্চল আশুলিয়া শিল্পাঞ্চল

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:২৩
ক্রমাগত শ্রমিক বিক্ষোভের মুখে টানা তিনদিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল আবার কর্মমুখর হয়ে উঠেছে। হাজার হাজার শ্রমিকের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে, তিন শতাধিক কারখানায় উত্পাদন শুরু হয়েছে পুরোদমে। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ও হামীম গ্রুপের কারখানার ভিতর এক নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় এ অঞ্চলের কারখানার শ্রমিকদের মাঝে দেখা দেয় উত্তেজনা। শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ও যানবাহন ভাঙচুর, সডক অবরোধ ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের পর বিজিএমইএ কর্তৃপক্ষ আশুলিয়া এলাকায় অনির্দিষ্টকালের জন্য শিল্প কারখানা বন্ধ রাখার ঘোষণা দেন। পরে বৃহস্পতিবার শ্রমমন্ত্রীর সাথে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ আলোচনার পর বিজিএমইএ কর্তৃপক্ষ বন্ধ কারখানা খুলে দেয়ার ঘোষণা দিলে গতকাল তা খুলে দেয়া হয়। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় শ্রমিকদের কাজ ওভারটাইম হিসাবে গণ্য হবে। আশুলিয়ার এক কারখানা শ্রমিক লিপি আক্তার জানান, তারা যে বেতন পায় তা দিয়ে বর্তমান বাজারে জীবনধারণ করা কষ্টকর। তারা বেতন-ভাতা বৃদ্বিসহ কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন প্রধানমন্ত্রী কর্তৃক মজুরি বোর্ড গঠনের ঘোষণায় ধন্যবাদ জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শিল্প পুলিশের আশুলিয়া জোনের ডিএডি আব্দুস সাত্তার বলেন, সকাল থেকেই বন্ধ থাকা কারখানা চালু হয়েছে এবং শ্রমিকরা স্ব-স্ব কারখানায় যোগদান করেছে। এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক রয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।