ব্রাজিলের ফেডারেল পুলিশ এক অভিযানে ৮০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার উপকণ্ঠে এই বাংলাদেশিরা মানবেতর অবস্থায় বসবাস করছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে এসব বাংলাদেশিকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মাসে দেড় হাজার ডলার পর্যন্ত বেতনের লোভ দেখিয়ে এসব বাংলাদেশিকে ব্রাজিলে আনা হয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মানব পাচারকারীদের খপ্পরে পড়া এসব লোক বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রাজিলে পৌঁছায়। তারা পেরু, বলিভিয়া এবং গায়ানা হয়ে কোন ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশ করে। ব্রাজিলের একটি সংবাদপত্র এসটাডো ডে সো পওলো জানিয়েছে, নানা তথ্য-প্রমাণ দেখে মনে হচ্ছে, এই বাংলাদেশিদের একটি সরকারি নির্মাণ প্রকল্পে কাজ করানো হচ্ছিল।
অন্যদিকে, ভারতের টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) প্রতিবেদনে বলা হয়েছে, এক লাখ ২০ হাজার টাকা বেতনের লোভ দেখিয়ে দালালরা জনপ্রতি আট লাখ টাকা করে নিয়েছে। এই ৮০ জনকে গ্রেফতার করা হয়নি। তাদের শরণার্থী মর্যাদার জন্য আবেদন করতে পরামর্শ দেয়া হয়েছে। দেশটির শরণার্থী বিষয়ক জাতীয় পরিষদ তাদের ভাগ্য নির্ধারণ করবে। ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এ খবরে বিস্ময় প্রকাশ করে তদন্তের ক্ষেত্রে ব্রাজিলের কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
টিওআই’র প্রতিবেদনে জাতীয় বিচার সচিব পল আব্রামকে উদ্ধৃত করে বলা হয়, ব্রাজিলের আইন পাচারের শিকার ও অমর্যাদাকর কাজে সম্পৃক্ত ব্যক্তিদের মানবিক বিবেচনায় দেশটিতে ভিসা পাওয়ার সুযোগ দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব বিদেশি কাজ পান, তাদের নিয়মিত কাজের ভিসা দেয়া হয়। অন্যদের মানবিক বিবেচনায় দেশটিতে থাকতে দেয়া হয়। তিনি বলেন, এ সুবিধা পেতে হলে ক্ষতিগ্রস্তদের প্রমাণ করতে হবে, তারা পাচারের শিকার হয়েছেন বা শ্রমদাস হিসেবে তাদের ব্যবহারের জন্য দেশটিতে নিয়ে আসা হয়েছে। এটা প্রমাণ হলে তাদের সুরক্ষায় করণীয় সবকিছু করবে ব্রাজিল।
সম্প্রতি ব্রাজিল সরকারের দেয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে ব্রাজিলে আশ্রয় প্রার্থী অভিবাসীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। এ কারণে দেশটির কেন্দ্রীয় পুলিশ ‘ফ্রিডম’ নামে একটি অভিযান পরিচালনা শুরু করে।
