নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সরকারের সঙ্গে শর্তহীন সংলাপে বসতে আগ্রহের বিষয় নিয়ে বিএনপি নেতাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। দলটির নেতারা বলছেন, সরকারের সঙ্গে শর্তহীন সংলাপ বা আলোচনায় বসতে রাজি, তারা কেউ এমন কথা বলেননি। দলের পক্ষ থেকেও এই ধরনের কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। বরং মিডিয়াই নিজ দায়িত্বে এই ধরনের তথ্য প্রকাশ করেছে বলে দাবি করেন বিএনপি নেতারা।
বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘ঢাকা সফরকালে জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমাদের কোনো আলোচনায়ই সরকারের সঙ্গে শর্তহীন সংলাপে বসতে আগ্রহের কথা ব্যক্ত করা হয়নি। এটা মিডিয়ার কথা, বিএনপির নয়।’
প্রসঙ্গত, জাতিসংঘের দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ঢাকা সফরকালে গত ১১ মে সকালে তার সঙ্গে বৈঠক করেন বিএনপির কয়েকজন নেতা। একইদিন সন্ধ্যায় তারানকো বৈঠক করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে। ঢাকা ত্যাগের আগে তারানকো ফের বিরোধীদলীয় নেতাসহ বিএনপি নেতাদের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। এই বৈঠক শেষে খালেদা জিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ একান্তে আলাপ করেন জাতিসংঘের সহকারী মহাসচিব।
খালেদা জিয়া ও বিএনপি নেতাদের সঙ্গে তারানকোর প্রত্যেকটি (একান্তে আলাপের সময় ছাড়া) বৈঠকে উপস্থিত ছিলেন শমসের মবিন চৌধুরী। তারানকো চলে যাওয়ার পরদিন একাধিক গণমাধ্যমে প্রকাশ হয় যে, সরকারের সঙ্গে শর্তহীন সংলাপে বসতে বিএনপি রাজি হয়েছে। এ নিয়ে বিএনপি ও ১৮ দলসহ রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব-নিকাশ চলতে থাকে।
এ ব্যাপারে শমসের মবিন জানান, জাতিসংঘের সহকারী মহাসচিব নিজ থেকে নির্বাচনকালীন সরকারের কোনো ফর্মুলা নিয়ে আলোচনা করেননি। আমরা পূর্বের অবস্থান তুলে ধরে তাকে বলেছি-নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তারানকো নিজেও বলেছেন-নির্বাচনকালীন সরকার সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।
বিএনপি নেতাদের সঙ্গে তারানকোর দুই দফা বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও। তিনি ইত্তেফাককে বলেন, শর্তহীন সংলাপে বসার বিষয়টি কোথা থেকে যে এল এ নিয়ে আমরা নিজেরাও বিভ্রান্ত। তারানকোর সঙ্গে কোনো বৈঠকেই আমরা এরকম কোনো কথা বলিনি। আমরা বারবারই বলেছি, নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না।
বিএনপি শর্তহীন সংলাপে রাজি, বিষয়টি আরও গতি পায় চিকিত্সার জন্য সিঙ্গাপুরে যাওয়ার সময় বিমানবন্দরে গণমাধ্যমের কাছে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে ঘিরে। তিনি সেদিন বলেছিলেন, ‘সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি’। বিএনপি কী কোনো পূর্ব শর্ত ছাড়াই সংলাপে বসবে? এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘শর্ত দেয়া না দেয়া বিষয় নয়, মূল বিষয় হচ্ছে সংলাপটি হতে হবে।’ তবে পরদিন কোনো কোনো গণমাধ্যমে প্রকাশ হয় যে, মির্জা ফখরুল শর্তহীন সংলাপের কথা বলেছেন।
মির্জা ফখরুলের বক্তব্য নিয়েও বিএনপির কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। দলটির স্থায়ী কমিটির এক নেতা ইত্তেফাককে বলেন, ‘উনি (ফখরুল) কীভাবে যে এরকম একটি কথা বললেন তা আমাদের বোধগম্য নয়। তারানকোর সঙ্গে বিরোধী দলের কোনো বৈঠকেও ফখরুল উপস্থিত ছিলেন না, তিনি তখন হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। এরপরেও তিকি কী কারণে এই ধরনের বক্তব্য দিলেন তা পরিষ্কার করা উচিত।’
‘শর্তহীন’ কিংবা ‘পূর্বশর্ত’ জুড়ে সংলাপের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, আলোচনার কথা প্রথমে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তারই উচিত আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে এটিকে অগ্রসর করা। কিন্তু তা না করে নির্বাচনে পরাজয়ের ভয়ে সরকার সংলাপ নিয়ে টালবাহানা করছে। তবে বিএনপি সূত্রে জানা গেছে, জাতিসংঘের সহকারী মহাসচিবের ঢাকা সফর ও বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তার আলোচনার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বিরোধী দল। জাতিসংঘের এই অবস্থানের প্রতি সম্মান দেখাতে চায় দলটি। যেন সংলাপ কিংবা নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে রাজনৈতিক সমঝোতা না হলে এর দায়ভার বিরোধী দলকে নিতে না হয়।
