আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশ ও জাতির সাথে বেঈমানি করেছেন। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে বিরোধী দলের বিভিন্ন ষড়যন্ত্র-হামলার কারণে তাঁর জীবন এখন ঝুঁকিপূর্ণ। এ কারণে সংলাপ হবে তবে বাইরে নয় সংসদে। কারণ খালেদার দল চক্রান্ত করছে। তাদের বিশ্বাস করা যাবে না। গতকাল শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রীর ৩২ তম ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবিধান অনুযায়ী যথাসময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে নাসিম বলেন, অনির্বাচিত কোন সরকার দেশে আর আসতে দেয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী খোলামনে আন্তরিক হয়ে সংলাপের আহ্বান জানালেন। আর বিরোধী নেতা সেটাকে ‘উপহাস’ ও ‘নাটক’ বলে উড়িয়ে দিলেন। সরকার উত্খাতের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন তিনি। নাসিম বলেন, প্রধানমন্ত্রী সরল মনে বিশ্বাস করে হেফাজতকে মতিঝিলে সমাবেশ করার অনুমতি দিলেন আর সেই সুযোগ নিয়ে তিনি (খালেদা জিয়া) তাঁদের দিয়ে রাজধানীকে সন্ত্রাসী রাজ্য ও লুটপাটের শহরে পরিণত করলেন যা দেশবাসী প্রত্যক্ষ করেছে। হেফাজতের সেইদিনের তাণ্ডবলীলাকে দানবীয় উল্লাস হিসাবে আখ্যায়িত করে তিনি আরো বলেন, শেখ হাসিনা যেমন মায়ের মমতা ও ভালবাসা নিয়ে মানুষের পাশে, দেশবাসীর পাশে দাঁড়াতে জানেন তেমনি দেশের প্রয়োজনে, মানুষের কল্যাণ ও নিরাপত্তার স্বার্থে কিভাবে পাশে দাঁড়াতে হয় সেদিন দেখিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে সেদিনের সেই অভিযানের কথা উল্লেখ করে নাসিম বলেন, মারণাস্ত্র ব্যবহার ছাড়াই যৌথ নিরাপত্তা বাহিনী মানুষ হত্যা না করে, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ব্যবহার করে নিরাপদে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তিনি বিরোধী নেতার প্রতি প্রশ্ন রেখে আরো বলেন, ঢাকাবাসী যখন তাণ্ডব দেখে কী হবে কী হবে ভাবছিল, মনে করছিল যেন ‘রোম’ পুড়ে যাচ্ছে সে সময় তিনি ঢাকাবাসী ও নেতাকর্মীদের হেফাজতের পাশে দাঁড়াতে বললেন।
সন্ত্রাস-নৈরাজ্য পরিহার করে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আসুন শান্তির পথে, সমঝোতার পথে, বাংলার মানুষ লাশ নিয়ে রক্ত নিয়ে রাজনীতি পছন্দ করে না। চক্রান্ত করে লাভ নেই, ঘোলা পানিতে মাছ শিকার হবে না।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মোল্লা আবু কায়ছারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন মূল্যেই আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার পালন করে দেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাব। কোন ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই গড়ে তুলবো। গতকাল শুক্রবার সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা পরিষদ মাঠে গত ৫ মে ঢাকায় হেফাজতের নারকীয় ধ্বংশযজ্ঞের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তানভির শাকিল জয় এমপি, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, রেফাজউদ্দিন, মোস্তফিজুর রহমান বিএসসি , খলিলুর রহমান, আব্দুর রহমান, আবু ইউসুফ সুর্য প্রমুখ।
