মেহেরপুর সদর থানার সুজন সরকার (৩০) নামে প্রশিক্ষণরত এক এসআই (পিএসআই) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামে। বাবার নাম তারাপদ সরকার।
মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান, প্রশিক্ষণ শেষে ১ মার্চ মেহেরপুর সদর থানায় পিএসআই হিসেবে যোগদান করেন সুজন সরকার। ঘটনার সময় তার রুমমেট এএসআই বিশ্বনাথ ঘরে না থাকায় তার ট্রাংক ভেঙ্গে ৭.৬২ বোরের পিস্তল বের করে রুমের সামনে বেলকনিতে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে। এর কিছুক্ষণ পর বিশ্বনাথ ডিউটিতে যাওয়ার জন্য ঘরে প্রবেশ করতে গিয়ে ভিতর থেকে বন্ধ দেখতে পায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বেলকনিতে তার লাশ দেখতে পায়। পুলিশ লাশ মর্গে পাঠায়। কি কারণে সে আত্মহত্যা করেছে পুলিশ তা বলতে পারেনি।
