অভিবাসন নীতি নিয়ে আপাতত সমঝোতায় পৌঁছেছে মার্কিন আইন প্রণেতারা। গত বৃহস্পতিবার রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইন প্রণেতারা এক বৈঠকে এই সমঝোতায় পৌঁছান। এর ফলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করা অভিবাসীরা বৈধ হতে পারবেন। -খবর রয়টার্সের।
সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সাতজন সদস্য দুই ঘন্টাব্যাপী বৈঠক করেন। অভিবাসন নীতি অনুসারে অবৈধরা বৈধ হলে তারা ওবামার স্বাস্থ্য কর্মসূচি ‘ওবামাকেয়ার’ এর সুবিধা ভোগ করবেন। রিপাবলিকান সদস্যরা এবিষয়টি পুনর্বিবেচনা করতে চায়। কিভাবে সমঝোতা হলো সেই বিষয়ে বৈঠকে উপস্থিত আইন প্রণেতাদের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি সমন্বিত অভিবাসন বিল পাস করাতে চাচ্ছেন। ওবামা তার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারণায় এ বিষয়ে অঙ্গিকারও করেছিলেন। এই সমঝোতার মাধ্যমে হয়তো প্রথম ধাপ পার হওয়া গেল। তবে এ বিল চূড়ান্তভাবে পাস করাতে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি দশ লাখের মতো অবৈধ অভিবাসী রয়েছে।
