রাজশাহীতে ককটেল তৈরির সরঞ্জাম ও নিজ কন্যাসহ গ্রেফতার হওয়া পিডিবি’র উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে নগরীর বোয়ালিয়া মডেল থানায় তাদের বিরুদ্ধে পুলিশ বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।
পুলিশ জানায়, সামপ্রতিক সময়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলার সময় আকস্মিকভাবে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। এ সময় অভিযোগ পাওয়া যায় গ্রেফতারকৃত উপ-সহকারী প্রকৌশলী নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দিয়ে জামায়াত-শিবিরকে নাশকতায় সহায়তা করেন। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতারের জন্য পুলিশ বৃহস্পতিবার ভোরে তার মহানগরীর রানিবাজার এলাকার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ তার বাড়িতে ককটেল তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ ছাত্রশিবিরের বই ও বিস্ফোরক দেখতে পেয়ে সেগুলো উদ্ধার এবং প্রকৌশলী আবুল কালাম আজাদ ও তার কন্যা ওয়াসিমা এহসানাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত উপ-সহকারী প্রকৌশলী নগরীর কাটাখালী বিদ্যুত্ নিয়ন্ত্রণ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তার মেয়ে ওয়াসিমা এহসানা জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার সক্রিয় কর্মী। জামায়াত-শিবিরের পক্ষ থেকে নাশকতা চালানোর সময় ওয়াসিমা এহসানার মাধ্যমে তার পিতার সঙ্গে যোগাযোগ করা হতো।
