সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে আজ শনিবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল। ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের বৃহত্তম পাথর কোয়ারী ভোলাগঞ্জ ও বিছনাকান্দি। বেকার হয়ে পড়ছেন পাথরের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষাধিক শ্রমিক।
সিলেট বিভাগের সর্বাধিক ব্যস্ততম আম্বরখানা-ভোলাগঞ্জ রাস্তাটি নিয়মিত সংস্কার না করায় খানা-খন্দক ও গভীর গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের জন্য কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতি, ট্রাক মালিক সমিতি, স্টোন ক্রাশার মালিক সমিতি, চুনাপাথর ইম্পোর্টার্স এসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বেশ কিছুদিন থেকে আন্দোলন চালিয়ে আসছেন। সর্বশেষ তারা ১৫ মে’র মধ্যে সড়কটি সংস্কারের সময়সীমা বেঁধে দিয়ে স্মারকলিপি দেন জেলা প্রশাসককে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। তবে সিলেট সড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, এক কোটি টাকা বরাদ্দে এবার সড়কটির সংস্কার করা হবে। তাদের এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত সালুটিকর শাখার সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক চুন্নু মিয়া, সহ-সমপাদক তাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এবং সালুটিকর বাস মালিক সমিতির সভাপতি হুমায়ূন আহমদ মাসুক, সাধারণ সম্পাদক হাজী কলমদর আলী প্রমুখ।
