নগর সংস্কৃতি

রোকেয়া সুলতানার প্রদর্শনী

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:৩১
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুক্রবার শুরু হয়েছে শিল্পী রোকেয়া সুলতানার ‘ফাটা মরগানা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেখিকা মতিয়া বানু সুকু, প্রাচ্যনাটের কাজী তৌফিকুল ইসলাম ইমন, শিল্পী রোকেয়া সুলতানা এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের। প্রদর্শনীতে প্রায় ৪০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ১১ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শিল্পী রোকেয়া সুলতানার জন্ম ১৯৫৮ সালে চট্টগ্রামে। তিনি ১৯৮৩ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম এফ এ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত দেশে-বিদেশে তার ১১টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে ভারতের ভূপালে অনুষ্ঠিত ভারত ভবন আন্তর্জাতিক প্রদর্শনীতে ‘গ্র্যান্ড প্রাইজ’, ১৯৯৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত চতুর্দশ জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার’ ও ৯ম এশিয়ান আর্ট বিয়েনালে ‘সম্মানসূচক পুরস্কার’, ২০০২ সালে পঞ্চদশ জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার’ এবং ২০০৩ সালে ফরাসী সরকারের বৃত্তিসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চার তরুণ পেলেন কালি ও কলম পুরস্কার : নবীন কবি ও লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং বাংলাদেশের তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করে। এই পুরস্কার নবীনদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। পঞ্চমবারের আয়োজিত কালি ও কলম পুরস্কার ২০১২ পেয়েছেন— কবিতায় ‘ভিখিরিও রাজস্থানে যায়’ গ্রন্থের জন্য মোস্তাক আহমাদ দীন, কথাসাহিত্যে ‘দীর্ঘশ্বাসেরা হাওয়ের জলে ভাসে’ গ্রন্থের জন্য মাসউদুল হক, প্রবন্ধে ‘করুণ মাল্যবান ও অন্যান্য প্রবন্ধ’ গ্রন্থের জন্য পিয়াস মজিদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নক্ষত্রের রাজারবাগ’ গ্রন্থের জন্য মোশতাক আহমেদ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার ‘তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১২’ প্রদান করা হয়। বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। পুরস্কারের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র। অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর পক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সভাপতি বরেণ্য শিক্ষাবিদ ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামান, এইচএসবিসির করপোরেট ব্যাংকিং প্রধান মাহবুবু-উর-রহমান। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী তার বক্তব্যে পুরস্কারপ্রাপ্ত লেখক ও কবিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যারা এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা নিশ্চয়ই আগামীতে আরও ভালো ভালো লেখা উপহার দিয়ে জাতিকে আরও ঋদ্ধ করবেন। সময়ের স্বাক্ষর আছে বিপ্লবের ছবিতে: বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের কাছে বিপ্লব গোস্বামী নিয়েছিলেন শিল্প শিক্ষার হাতেখড়ি। তারপর আর থেমে থাকেনি তার পথচলা। নিয়েছেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলা বিষয়ক উচ্চশিক্ষা। তরুণ এই চিত্রশিল্পীর ‘কালের দহন’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে বরেণ্য চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী ও চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ।