মহাসেনের বাড়িতে প্রশাসনের উপহার

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:৩১
পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় মহাসেনের দিন ভূমিষ্ঠ নবজাতক মহাসেনের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মু.হাবিবুর রহমান হাদী শুক্রবার সকালে মহাসেনদের বাড়ি পৌঁছে তার বাবা ফোরকান মৃধার হাতে দুই হাজার টাকা ও উপহার সামগ্রী তুলে দেন। তারা জানান, নবজাতক ও মা দু’জনের চিকিত্সা ও দেখভালের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় মহাসেনের সতর্কবার্তা জারি হলে বুধবার রাতে বোয়ালিয়া গ্রামের ফোরকান মৃধা ও তার স্ত্রী জোত্স্না বেগম ও পরিবারের লোকজন বাড়ির কাছের গলাচিপা ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। চারদিকে প্রচণ্ড বাতাস আর বৃষ্টিপাত মানুষের মধ্যে আতংক উত্কণ্ঠা এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জোত্স্না প্রসব করেন ফুটফুটে ছেলে সন্তান। দুর্যোগের মধ্যে নতুন অতিথির আগমন উপস্থিত মানুষের মধ্যে আনন্দ বয়ে আনে। ঘূর্ণিঝড় চলাকালে ভূমিষ্ঠ হওয়ায় লোকজন নবজাতকের নাম ঘূর্ণিঝড়ের নামানুসারে রাখে মহাসেন ইসলাম। ছেলের নাম মহাসেন রাখায় কৌতূহলী মানুষের কাছে দিনমজুর বাবা ফোরকান মৃধা ইতিমধ্যে এলাকায় পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন । দলে দলে কৌতূহলী মানুষ ভীড় করছে বাড়িতে। ফোরকান মৃধাও খুশি। বলেনঃ আপনারা আমাদের সন্তানের জন্য দোয়া করবেন । বড় হয়ে সে যেন আমাদের মুখ উজ্জ্বল রাখতে পারে।