হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়া না হলে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে সারা দেশের তৌহিদী জনতা কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। রিমান্ডের নামে বাবুনগরীকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে বলেও হেফাজত নেতারা অভিযোগ করেন। ঢাকার শাপলা চত্বরে গত ৫ মে হেফাজতের সমাবেশে গণহত্যার প্রকৃত তথ্য তারা জনগণের সামনে তুলে ধরতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।
বাবুনগরীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ, নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মুফতি আবদুল ওয়াহহাবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা এনামুল হক, মাওলানা জায়নুল আবেদীন, মাওলানা ইকবাল খলিল, মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা ইউনুস, আবু রায়হান, মুহাম্মদ সগির আহমদ ও কামালুদ্দিন প্রমুখ।
সমাবেশে অংশগ্রহণকারীরা বাবুনগরীর মুক্তি ও ১৩ দফা মেনে নেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় প্রচুর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছিল। হেফাজতে ইসলাম নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ হেফাজতের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
