নির্বাচনী মাঠে নেমেছেন তালুকদার খালেক

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:৩২
সদ্য পদত্যাগী মেয়র তালুকদার আব্দুল খালেক বিগত ৫বছরের সফলতা-ব্যর্থতার নানা হিসাব-নিকাশ মাথায় নিয়ে পুনর্বার খুলনা সিটি করর্পোরেশন (কেসিসি) নির্বাচনের লড়াইয়ে মাঠে নেমেছেন। তিনি মনে করেন, তার সময়কালে খুলনা মহানগরীর ব্যাপক উন্নয়নে সক্ষম হয়েছেন। একইসাথে নাগরিক সুবিধাও তিনি বৃদ্ধি করতে পেরেছেন। প্রতি-পক্ষের প্রতিদ্বন্দ্বীরা বলছেন, বিগত নির্বাচনের সময় নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তালুকদার আব্দুল খালেক ব্যর্থ হয়েছেন। গতকাল শুক্রবার সদ্য পদত্যাগী মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনে একান্ত আলাপ-চারিতায় তিনি পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ড, সফলতা ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মেয়র থাকাকালে জনগণকে দেয়া প্রতিশ্রুতির প্রায় সবই তিনি বাস্তবায়ন করতে পেরেছেন। ইতিমধ্যে নগর উন্নয়নে ২শ’ কোটি টাকার কাজ হয়েছে। ৭৫০ কোটি টাকার কাজ চলতি ২০১৩ সালে শুরু হয়েছে। এটি শেষ হবে ২০১৬ সালে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে খুলনা সিটি বাংলাদেশের একটি মডেল হিসাবে পরিচিতি লাভ করবে। একসময় খুলনা ছিলো বিধ্বস্ত নগরী। রাস্তাঘাটে চলাচল করা যেত না। তিনি দায়িত্ব নেয়ার পর রাস্তার ব্যাপক উন্নয়ন করেছেন। তালুকদার খালেক বলেন, দায়িত্বে থাকাকালে ৮টি ওয়ার্ড অফিস করা হয়েছে। শহীদ হাদিস পার্ক আধুনিকায়নে ১০ কোটি টাকার প্রকল্প কাজ চলছে। নাগরিক বিনোদনের জন্য ২২ কোটি টাকা ব্যয়ে লিনিয়ার পার্ক নির্মাণ কাজ চলছে। সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে বিদ্যুত্ সাশ্রয়ী সৌর বাল্ব ক্রয় করা হয়েছে। কোরবানীর পশুর হাটে আগে ১৪ লাখ টাকা আয় হতো। এখন আয় হচ্ছে ১ কোটি টাকা। সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক ল্যান্ড ফিল্ড নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এছাড়া নগরের জলাবদ্ধতা দূর করতে ৩শ’ কোটি টাকা ব্যয়ে ২২ খাল সংস্কার প্রকল্প এডিবির অর্থায়নে শুরু হচ্ছে। ৭৫ বিঘা জমির উপর ময়লা ডাম্পিং প্লেস ও আধুনিক কসাইখানা নির্মাণ করার প্রক্রিয়া চলছে। দেড়শ’ কোটি টাকা ব্যয়ে স্যানিটারি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বস্তি উন্নয়ন দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় সাড়ে ৪ বছরে ৪৮ কোটি টাকা নিজ হাতে দরিদ্র মহিলা ও শিক্ষার্থী ও বেকারদের দেয়া হয়েছে। প্রতিটি রাস্তা সংস্কার কাজ নিজে উপস্থিত থেকে তদারকির উল্লেখ করে তিনি বলেন, এসব রাস্তা ৮/১০ বছরের আগে সংস্কারে হাত দিতে হবে না। নিজের আয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তালুকদার খালেক বলেন, জনসেবার পাশাপাশি তিনি খুলনার বাইরে ঠিকাদারী ব্যবসা করছেন। আল্লাহ যদি আরেকবার খুলনার জনগণের সেবা করার সুযোগ দেন তাহলে অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করাই হবে প্রধান কাজ। এগুলো বাস্তবায়ন করতে পারলে নাগরিক ভোগান্তি আর থাকবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী কোন জনবিচ্ছিন্ন ব্যক্তি নন। তা ছাড়া কাকে কোথায় কীভাবে কাজে লাগাবো সেটা একান্ত নিজস্ব ব্যাপার। তিনি দায়িত্ব গ্রহণকালে ১৮ কোটি টাকা দেনা মাথায় নিয়ে বসেছিলাম। কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের দেনা ছিলো ৬ কোটি টাকা। মাসে বেতন হতো না। দুই মাসের বেতন বকেয়া থাকলে এক মাসের বেতন পরিশোধ করা হতো। কর্পোরেশনের নিজস্ব আয় বাড়িয়ে এসব দেনা পরিশোধ করা হয়েছে। এখন মাসের শেষে বেতন হয়। এদিকে জাতীয়তাবাদী নাগরিক ফোরামের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেন, তালুকদার খালেক মেয়রপদে দায়িত্বে থাকাকালে জনগণকে দেয়া ৩৬ দফা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তার নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিলো সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা। পাঁচ বছরে দুর্নীতি নির্মূলতো হয়ই-নি বরং দুর্নীতি তাকেই গ্রাস করেছে। এনবিআরের ফাইল ঘাটলেই তার দুর্নীতি পাওয়া যাবে। মনিরুজ্জামন মনি বলেন, তালুকদার খালেক বর্তমানে একটি ব্যাংকের পরিচালক পদে আছেন। নির্বাচনে তার দেয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেননি। তিনি গত কয়েক বছরে অগাধ কালো টাকার মালিক হয়েছেন। সিটি কর্পোরেশনের জাকাতের কাপড় ক্রয় করার ক্ষেত্রেও তিনি বড় দুর্নীতি করেছেন। সিটি কর্পোরেশনের বড় বড় কাজ বিনা টেন্ডারে আত্মীয়-স্বজন ও আওয়ামী দলীয় লোকজনকে দেয়া হয়েছে। সব মিলিয়ে পাঁচ বছরে তিনি মেয়র হিসাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবারের নির্বাচনে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে এসব দুর্নীতির সমুচিত জবাব দেবে বলে মনিরুজ্জামান মনি আশা করেন। এবারের নির্বাচনে জনগণকে কি প্রতিশ্রুতি দিতে চান এ প্রশ্নের জবাবে মনিরুজ্জামান মনি বলেন, নগরবাসীকে তাদের প্রাপ্য সেবা দেয়ার জন্য অভিজ্ঞতা, মেধা ও শ্রম কাজে লাগাবো। সামগ্রিকভাবে নাগরিক সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করাই হবে আমার নির্বাচনী অঙ্গীকার। এক্ষেত্রে নির্বাচিত কাউন্সিলর, করর্পোরেশনের কর্মকর্তা ও নাগরিক পরামর্শই হবে আমার চলার সাথী। সাবেক মেয়র দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে এ প্রশ্নের জবাবে মনিরুজ্জামান মনি বলেন, দুর্নীতি অফিসিয়ালি হলে ফাইলই কথা বলবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নাগরিক নেতা বলেন, মেয়রের দুর্নীতি কী আছে না আছে তা দেখার জন্য দুদক আছে। তবে তিনি যে মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন এ জন্য তাকে মাসুল দিতে হবে।