সাভারে ছিনতাই করে পালানোর সময় ডিবি পুলিশসহ গ্রেফতার ২

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:৩৪
সাভারে প্রাইভেটকার ছিনতাই করে পালানোর সময় ঢাকা জেলা ডিবি পুলিশের এক সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন হেমায়েত হোসেন ও কবির হোসেন। এর মধ্যে হেমায়েত হোসেন ঢাকা জেলা ডিবি পুলিশে নায়েক হিসাবে কর্মরত। শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া থেকে টহল পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, ঐদিন ভোরে সাভারের তুরাগ এলাকা থেকে ঢাকা জেলা ডিবি পুলিশের নায়েক হেমায়েত হোসেন অপর সহযোগী কবির হোসেনকে নিয়ে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় প্রাইভেটকার চালক আমিনুর রহমানের চিত্কারে মহাসড়কে টহলরত পুলিশ বিষয়টি লক্ষ্য করে তাদের ধাওয়া করে। খবর পেয়ে মহাসড়কে টহলরত সাভার মডেল থানা পুলিশের অপর একটি দল রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ব্যারিকেড সৃষ্টি করে তাদের গ্রেফতার করে। সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আসাদু্জ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা ডিবির ওসি ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃত হেমায়েত ঢাকা জেলা ডিবির সদস্য নয়, তিনি ঢাকা মহানগর পুলিশে কর্মরত।