আড়াইহাজারে জমি বিষয়ক বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে সুরাইয়া বেগম (৪২) নামে এক গৃহবধূকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়া কান্দা (খ) গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের বাড়ি দখল, ভাংচুর ও লুটপাট করা হয়। প্রতিপক্ষের সন্ত্রাসীরা প্রায় এক ঘণ্টা ধরে ওই বাড়িতে তাণ্ডব চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে গাফফার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের জবেদ আলীর সঙ্গে প্রতিবেশী হান্নান (৫৫) গংদের বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হান্নান, তার ভাই আবুল, জাকারিয়া ও বহিরাগত সন্ত্রাসীসহ গতকাল জুমার নামাজের আগেই জবেদ আলীর বাড়িতে হামলার পরিকল্পনা করে। নামাজ শেষে সবাই ধারালো অস্ত্র ও কাঠসহ হামলা করে জবেদের বাড়িতে। এ সময় তাজুল, গাফফার, মিজান ও আতাউর নামে ৪ সন্ত্রাসী জবেদ আলীর স্ত্রী সুরাইয়া বেগমকে কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। আড়াইহাজার থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
