রাজশাহী মহানগরীর বাসাবাড়িতে ব্যবহারের জন্য গ্যাস সংযোগের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) অগ্রণী ব্যাংক সাহেব বাজার শাখার মাধ্যমে ফরম বিতরণ করছে। তবে একটিমাত্র ব্যাংকের শাখার মাধ্যমে ফরম বিতরণ করায় গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহ করতে হচ্ছে। ভুক্তভোগী গ্রাহকরা হয়রানি ও ঝামেলা এড়াতে মহানগরীতে অবস্থিত অগ্রণী ব্যাংকের সকল শাখা থেকে ফরম বিতরণের দাবি জানিয়েছেন।পিজিসিএল সূত্র জানায়, নগরীতে কোম্পানির ১০৬ জন তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে সংযোগ প্রদানের প্রক্রিয়া চলছে। বাসাবাড়িতে গ্যাস সংযোগের জন্য গ্রাহকদের নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে পিজিসিএল কর্মকর্তারা জানান। প্রতারণা এড়াতে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পিজিসিএল রাজশাহী অফিসের ইনচার্জ প্রকৌশলী তোফায়েল আহমেদ জানান, ১০০ টাকা জমা দিয়ে অগ্রণী ব্যাংকের সাহেব বাজার শাখা থেকে গ্রাহকদের আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে জমির দলিল, খতিয়ান, হোল্ডিং নম্বর, খাজনার রশিদ, যৌথ জমির ক্ষেত্রে অঙ্গীকারনামা, গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের (ভোটার আইডি) ফটোকপি, ঠিকাদার নিয়োগের চুক্তিপত্র, ফরম ক্রয়ের মূল রশিদ, প্রস্তাবিত গ্যাস লাইনের চার কপি হ্যান্ড স্কেচ ও গ্রাহকের লোকেশন ম্যাপ সংযুক্ত করে তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে পিজিসিএলের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র জমার সিরিয়াল অনুসারে সংযোগের জন্য পিজিসিএল কর্মকর্তারা সার্ভে বা জরিপ সম্পাদন করবেন। জরিপ শেষে তিন মিটারের অতিরিক্ত পাইপের মূল্য (প্রতি মিটার ৪০৬ টাকা), সংযোগ ফি ২ হাজার ৭৫০ টাকা, জামানত ৩ মাসের সমপরিমাণ গ্যাস বিল (১ হাজার ৩৫০ টাকা), কমিশনিং ফি ৩০০ টাকার ডিমান্ড নোট (চাহিদাপত্র) ইস্যু করা হবে। ডিমান্ড নোটের টাকা ও সংশ্লিষ্ট রাস্তা কাটার অনুমতিপত্র জমার পর নকশা অনুমোদন করা হবে। অনুমোদিত নকশা অনুযায়ী জিআই পাইপ লাইন বা অভ্যন্তরীণ পাইপ লাইন নির্মাণ এবং জিআই রাইজার বসানো হবে। পিজিসিএল অনুমোদিত ফিডারের মাধ্যমে জিআই পাইপ লাইন নির্মাণ, ফিটিংস সংযোজনের পর জিআই লাইন বাতাস দ্বারা ২০ পিএসজিআই চাপে ন্যূনতম ২৪ ঘণ্টা পরীক্ষা করা হবে। পরীক্ষা সঠিক হলে সংযোগটি রাইজার তালিকায় অন্তর্ভুক্তি ও সার্ভিসটি ড্রিলের পর গ্রাহকের সঙ্গে গ্যাস সংযোগের চুক্তি সম্পাদন করা হবে। চুক্তির পর গ্রাহক বরাবর সংযোগ কার্ড, বিল বই ও আবাসিক রেগুলেটর ইস্যুর পর সংযোগ দেয়া হবে। সংযোগের পর বিল বইয়ের মাধ্যমে সেলফ বিলিং সিস্টেমে দ্বিমুখী চুলা প্রতি ৪৫০ টাকা হারে নির্ধারিত ব্যাংকে গ্যাস বিল জমা দিতে হবে।
তিনি জানান, বাসাবাড়িতে সংযোগের জন্য গ্রাহকদের মধ্যে প্রচুর সাড়া পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে সংযোগ দিতে পিজিসিএলের পর্যাপ্ত জনবল প্রস্তুত রয়েছেন। সিরিয়াল অনুসারে গ্রাহকদের গ্যাস সংযোগ দেয়া হবে। শিগগিরই গ্রাহকরা বাসাবাড়িতে গ্যাস পাবেন।
