ইরানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাইলো এফবিসিসিআই

আপডেট : ১৭ মে ২০১৩, ২২:৩৫
অগ্রাধিকার বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় ইরানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, ভিসা প্রক্রিয়া সহজিকরণ ও বাংলাদেশে ইরানী বিনিয়োগের আহবান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সফররত ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী ড. মাহদী গজানফরি’র সঙ্গে এক প্রাতঃভোজ সভায় এ আহবান জানান এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমেনিয়ান তোশী, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, পরিচালক এ.কে.এম শাহেদ রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সমঝোতা চুক্তি, যৌথ বাণিজ্য পরিষদ গঠন ও দুই দেশের মধ্যেকার চুক্তি কার্যকরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ইরানের মন্ত্রী। বর্তমানে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা হিসেবে মানি এক্সচেঞ্জ, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা না থাকা ও ভিসা প্রাপ্তির জটিলতার কথা তুলে ধরে এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের সুপারিশক্রমে ভিসা সহজিকরণের আশ্বাস দেন ইরানের রাষ্ট্রদূত। ইরানের মন্ত্রী দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি লেনদেন সহজ করার জন্য বাংলাদেশে সরকার কর্তৃক মনোনীত একটি ব্যাংকে হিসাব খুলে স্থানীয় মুদ্রায় লেনদেন সম্পন্ন করার প্রস্তাব দেন। তাছাড়া ইরানে শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারের বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, ২৬ জুলাই ২০০৬ সালে দুইদেশের মধ্যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হয়।