বুদ্ধিবৃত্তি বিকাশে শিক্ষা একটি অপরিহার্য অঙ্গ

আপডেট : ১৮ মে ২০১৩, ১৭:৫৫
মোঃ শাহিনুর মিয়া অধ্যক্ষ নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ উত্তরা, ঢাকা মানুষের বুদ্ধিবৃত্তি বিকাশের জন্য শিক্ষা একটি অপরিহার্য বিষয়। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে ইউরোপে পুনর্জাগরণের ফলে শিক্ষার প্রসঙ্গটি গুরুত্ব পেতে শুরু করে। ১৫৬১ খ্রিস্টাব্দে প্রকাশিত ব্রিটিশ লেখক টমাস মুর তাঁর Utopia গ্রন্থে প্রথম শিক্ষার ধারণাটি প্রকাশ করেন। আর বিংশ শতাব্দীর শুরুতে দেশে দেশে শিক্ষা মানুষের মৌলিক ও জন্মগত অধিকার হিসেবে স্বীকৃতি লাভ করে এবং নিরক্ষরতা, অশিক্ষা, কুসংস্কার প্রভৃতির বিরুদ্ধে আন্দোলন বিস্তৃত হতে থাকে। বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার মাধ্যমে ৫ম শ্রেণিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হত। কিন্তু বর্তমানে দেশে নিরক্ষরতা দূরীকরণের লক্ষে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। পারিবারিক, সামাজিক অনেক কারনেই ৫ম শ্রেণি পর্যন্ত অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ে। তারা তখন কোন সম্মানজনক কিছুই করতে পারে না। তাই বর্তমানে শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষা তার মধ্যে একটি। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে কোমলমতি সকল শিক্ষার্থীদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। নতুন প্রশ্ন কাঠামো এরই মধ্যে সকল বিদ্যালয়ে পৌঁছে গেছে। অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী উত্কণ্ঠার মধ্যে থাকলেও তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। মার্চ মাসে নম্বর বিভাজন ও প্রশ্ন কাঠামো পেলেও এখন নিশ্চয়ই তোমাদের এ বিষয়ে ধারণা হয়ে গেছে। তোমাদের শিক্ষকগণ এ বিষয়ে তোমাদেরকে পাঠদান করেছেন। ভয়ের কিছুই নেই। শুধু পাঠ্যপুস্তক মুখস্ত করে যথেষ্ট জ্ঞানার্জন করা সম্ভব নয় এমনকি বর্তমান শিক্ষাক্রম অনুসারে পাবলিক পরীক্ষাগুলোতেও খুব ভাল ফলাফল করা সম্ভব নয়। বর্তমান শিক্ষাক্রম অনুসারে শুধু পাঠ্যপুস্তক পাঠ করে পাবলিক পরীক্ষাগুলোতে সব প্রশ্নের উত্তর করা যায় না। আনন্দের সহিত পড়াশোনা করো। শিক্ষক মা-বাবা তোমাদের সঙ্গে আছেন। সৃজনশীল পদ্ধতি নিয়ে তোমাদের ভাবনার কিছুই নেই। পাঠ্যবইটি মনোযোগ দিয়ে পড়াই এর মূলমন্ত্র। তোমরা পাঠ্যবই বারবার পড়বে দেখবে তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের ধীরে ধীরে সকল বিষয়ের সকল অধ্যায় পড়তে হবে। তবে একটা কথা দৃঢ়ভাবে মনে রাখতে হবে ধীরে ধীরে পড়লেও নিয়মিত পড়তে হবে। এজন্যে প্রয়োজন একটা পরিকল্পিত রুটিন। যেখানে সকাল ,দুপুর, বিকাল এবং স্কুল , বাসার পড়ার একটা নিয়মতান্ত্রিক রূপরেখার প্রতিফলন থাকবে। সেখানে খেলাধূলা, গান, আবৃত্তি অর্থাত্ তোমাদের শখের বিষয়টিও বাদ যাবে না। কোন বিষয় বুঝতে সমস্যা হলে শিক্ষক, মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশি যেভাবেই হোক যে কারোর নিকট থেকে তার সমাধান করে নেবে। মনে রাখবে লজ্জা, ঘৃণা, ভয় এ তিনটি রাখতে নেই।