সেমিনারে বক্তারা

ডিমিউচুয়ালাইজেশনই শেয়ারবাজারের সমস্যার সমাধান নয়

আপডেট : ১৮ মে ২০১৩, ২০:৫৭
দেশের প্রায় সব খাতেই যখন সুশাসনের অভাব রয়েছে তখন ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ) হয়ে গেলেই শেয়ারবাজারে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। কোম্পানির আর্থিক প্রতিবেদনে শুদ্ধতা না আসলে এবং মনোভাবের পরিবর্তন না হলে ডিমিউচুয়ালাইজেশনের পরও শেয়ারবাজারে কারসাজি, ইনসাইডার ট্রেডিং, বাবল এবং সুশাসনের অভাব থাকতে পারে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশন হলেই বাজার ঠিক হয়ে যাবে। প্রকৃত অর্থে এর মাধ্যমে বাজার ঠিক হয়ে যাবে এমনটি ভাবা ঠিক হবে না। সুশাসন নিশ্চিত করার জন্য ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট দ্রুত প্রণয়ন করে তা বাস্তবায়ন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশে সুশাসনের অভাব রয়েছে। ধীরে ধীরে এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো যাবে না। শেয়ারবাজারের সমস্যাও সমাধান হবে না। কোম্পানির স্বাধীন পরিচালকদের প্রসঙ্গে তিনি বলেন, কোম্পানিতে স্বাধীন পরিচালক অন্তর্ভুক্ত করা হলেও তারা কতটা স্বাধীনভাবে কাজ করেন এবং কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারেন তা বিবেচনা করা প্রয়োজন। সর্বোপরি আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও মানসিকতার পরিবর্তন না হলে ডিমিউচুয়ালাইজেশন দিয়ে শেয়ারবাজারের সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার আরিফ খান, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, বিআইসিএম (বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট) এর নির্বাহী পরিচালক আব্দুল হান্নান জোয়ার্দ্দার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান। এ সময় তিনি বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানিতে যদি সুশাসনের অভাব থাকে, কোম্পানির পরিচালকদের মধ্যে যদি ইনসাইডার ট্রেডিং চলতে থাকে এবং বাজারের কারসাজি যদি অব্যাহত থাকে তবে ডিমিউচুয়ালাইজেশন দিয়ে শেয়ারবাজারের সমস্যা দূর করা যাবে না। ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে কিছু বিনিয়োগকারীর আস্থা বাড়তে পারে এবং এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) সন্তুষ্টি পাওয়া যেতে পারে কিন্তু প্রকৃত সুশাসন নিশ্চিত করা যাবে না। সুশাসন নিশ্চিত করতে আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ভারতে ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট না থাকা সত্ত্বেও তাদের নিয়ন্ত্রক সংস্থা আলাদা সেল করে কোম্পানির আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করছে। বিএসইসিও এ পদ্ধতি অবলম্বন করতে পারে। ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া সম্পর্কে আল মারুফ খান বলেন, এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জ একটি কোম্পানিতে রূপান্তরিত করা হবে। শেয়ারহোল্ডারদের মধ্যে এর লভ্যাংশ ভাগ করে দেয়া হবে। যার ৪০ শতাংশ শেয়ার থাকবে ব্রোকারদের কাছে, ২৫ শতাংশ থাকবে স্ট্র্যাটেজিক পার্টনারদের (বিদেশি কোম্পানি ও বড় কোম্পানি) কাছে। অবশিষ্ট ৩৫ শতাংশ থাকবে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে। তিনি আরও বলেন, ডিমিউচুয়ালাইজেশনের পর স্টক এক্সচেঞ্জ প্রধানত তিনটি পরিকল্পনা নিয়ে কাজ করবে। এগুলো হলো নিয়ন্ত্রণ, সুশাসন পদ্ধতি এবং ব্যবসা সমপ্রসারণ।