চীনে বন্যা ও ভূমিধসে ৫০ জনের প্রাণহানি

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:২০
দক্ষিণ চীনের নয়টি প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এ ঘটনায় ১৪ জন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা শনিবার এ খবর জানান। বন্যাকবলিত প্রদেশগুলোর মধ্যে গুয়াংডঙ-এর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। কয়েকদিনের টানা বৃষ্টির পর এখানে ৩৬ জন মারা যায়। এছাড়া জিয়াংজি প্রদেশে আরো ছয়জনের প্রাণহানি হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন গুয়াংডঙ-এ প্রবল বাতাসসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে মারাত্মক বন্যার সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। দুর্গত এলাকার ক্ষয়-ক্ষতি নিরূপণের জন্য ত্রাণকর্মীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গুয়াংডঙ-এর পার্বত্য এলাকায় ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট পাহাড়ি ঢল প্রদেশটির ভয়াবহ বন্যার কারণ বলে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে। এতে প্রাদেশিক রাজধানী গুয়াংঝুসহ নয়টি শহর প্লাবিত হয়েছে। বন্যাকবলিত নয়টি প্রদেশের প্রায় নয় লাখ বাসিন্দা দুর্গত অবস্থায় আছে ও ২ হাজার ৬শ ৭৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।