পরমাণু কেন্দ্র পরিদর্শনে সহযোগিতায় ইরানের অস্বীকৃতি

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:২১
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইউকিয়া আমানো বলেছেন, ইরান তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে আমাদের সহযোগিতা করছে না। শুক্রবার মস্কোতে আন্তর্জাতিক সম্পর্ক ইন্সটিটিউটের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটির মহাপরিচালক ইউকিয়া আরো বলেন, আমরা জানি না যে ইরান তাদের সামরিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এটা করছে কি-না। তবে আমরা গভীরভাবে হতাশ যে, ইরান এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে তাদের পরমাণু কার্যক্রম দেখার বিষয়ে অনুমতি দিচ্ছে না। বিশেষ করে রাজধানী তেহরান থেকে ৩০ কি.মি. দক্ষিণ-পূর্বে তাদের পারচিন সামরিক ঘাঁটি পরিদর্শনে আমাদের পর্যবেক্ষক দলকে কোন রকম সহযোগিতা করছে না, যা নিঃসন্দেহে আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। উল্লেখ্য, পশ্চিমা শক্তিগুলো মনে করছে, ইরান তাদের পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের কাজ করছে। তবে ইরান এ অভিযোগকে সবসময়ই অস্বীকার করে বলছে, এটি তাদের অভ্যন্তরীণ বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য করা হচ্ছে, অন্য কোন কারণে নয়। এটা সাধারণ মানুষের কল্যাণের জন্যই হচ্ছে। বিগত কয়েক মাস ধরে তেহরান এবং আইএইএ’র মধ্যে কয়েকদফা বৈঠক হয়েছে, যাতে করে তাদের পরমাণু কর্মসূচি কি নিয়ে হচ্ছে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি পাওয়া যায় এবং এ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছা যায়। তবে অনেক আলোচনা বৈঠক হলেও তারা এখনও পর্যন্ত কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি। আইএইএ আশঙ্কা করছে, ইরান পারচিনে তাদের পরমাণু অস্ত্র তৈরির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পরমাণু কেন্দ্র পরিদর্শনে যেতে হলে আইএই কে প্রথমে সেখানে পরিদর্শনের কারণের সপক্ষে প্রমাণাদি দেখাতে হবে। ইরান আরো জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সামরিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিতে ইরান বাধ্য নয়।