যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের ফেয়ারফিল্ড শহরে দুটি কম্যুটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড ভিড়ের সময় নিউইয়র্ক থেকে ছেড়ে যাওয়া পূর্বমুখী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর পশ্চিমমুখী অপর একটি ট্রেন এটিকে আঘাত করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই দুর্ঘটনার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় রেলযাত্রী পরিবহন কর্পোরেশন ‘আমট্রাক’ অনির্দিষ্টকালের জন্য নিউইয়র্ক ও বোস্টনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে কানেকটিকাটের গভর্নর ড্যানিয়েল ম্যালয় বলেছেন, “দুর্ঘটনায় বেশ কয়েকটি বগির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, ট্রেন দুটির সামনের অংশ ও চাকাগুলো দুমড়ে-মুচড়ে গেছে।” যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৬টার কিছুক্ষণ পর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী রোয়ানা শেফার্ড জানান, “ট্রেনটি হঠাত্ অল্প ঝাঁকি খেতে শুরু করলো। এরপরই অপর একটি ট্রেনের একটি বগির এক পাশের সম্পূর্ণ অংশ খসে পড়ল। বগির একটি পাশ সম্পূর্ণ খসে পড়ার পর ওই বগির যাত্রীরা দুই ট্রেনের মাঝে পড়ে যায়।”
