দেশের বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে সরকার শনিবার ব্যাংকের সব এডি (Authorized Dealer) শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা ব্যাংকের এ ধরনের এডি শাখা সাধারণ শাখার চেয়ে অনেক কম। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সাধারণ শাখার গ্রাহকরা এই অনলাই ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে সাধারণ শাখার কর্মকর্তাদের সঙ্গে এডি শাখার কর্মকর্তা-কর্মচারীদের একটি বৈষম্য পরিলক্ষিত হয়। কারণ অনেক ব্যাংকই শনিবারে কোনো ভাতা প্রদান করে না। বিদ্যুত্সহ নানাবিধ খরচ বিবেচনা করে অনেক ব্যাংক আগে তথা শনিবারে তাদের গুরুত্বপূর্ণ শাখা ছাড়া সব শাখাই বন্ধ রাখতো। হাতে গোনা যে কয়টি শাখা খোলা রাখতো, সেখানেও সীমিতসংখ্যক কর্মী নিয়োজিত থাকতো ব্যাংকভেদে ভাতা প্রদানের মাধ্যমে। আবার লেনদেনের সময়ও ছিল দুপুর একটা পর্যন্ত। কিন্তু বর্তমানে প্রত্যেক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। তাহলে জাতিসংঘ ঘোষিত যে ৮ ঘন্টা কর্মঘন্টার অনুমোদন রয়েছে তা চরমভাবে ব্যাহত হচ্ছে। তার ওপর সুবিধাবঞ্চিত এডি শাখার কর্মকর্তা-কর্মচারীরা মারাত্মকভাবে শোষিত হচ্ছে। তাই দেশের সকল ব্যাংকের নিয়ন্ত্রণকর্তা অভিভাবক বাংলাদেশ ব্যাংককে তার নিজের মতো সময়োপযোগী ও যুগোপযোগী স্বায়ত্তশাসন প্রদান করে দেশের উন্নতিতে সর্বোচ্চ কর্মযজ্ঞ পরিকল্পনার সুযোগ দেয়া হোক এবং শনিবারে খোলা এডি শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান করা হোক। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্ব দেবেন।
এমদাদুল ইসলাম,
বনশ্রী, রামপুরা, ঢাকা ১২১৯
