শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইমপ্ল্যান্ট ডিভাইস

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:২৫
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এমপি বলেছেন, রোগীদের স্বার্থে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ৯ থেকে ১৬ লাখ টাকা মূল্যের ইমপ্ল্যান্ট ডিভাইস বিনামূল্যে প্রদান অব্যাহত রাখা হবে। ইতিমধ্যে সরকারের সহায়তায় সমাজকল্যাণ মন্ত্রণালয় জুলাই ২০১০ ইং থেকে জুন ২০১৩ সালের জন্য ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রাম ইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র শহীদ ডা. মিলন হলে ২য় কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্ল্যান্ট কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, কুইন এলিজাবেথ হাসপাতালের কনসালটেন্ট ইএনটি সার্জন রিচার্ড আরভিং, বিএসএমএমইউ’র নাক-কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএইচ জহুরুল হক সাচ্চু, ভারতের মুম্বাইয়ের অডিলজিস্ট রাখি বুটালা প্রমুখ। দু’দিনব্যাপী এ কর্মশালায় প্রায় দেড়শত বিশেষজ্ঞ চিকিত্সক, অডিওলজিস্ট ও স্পীচ থেরাপিস্ট অংশ নিচ্ছেন। কর্মশালায় বক্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ৪০ জন শ্রবণ প্রতিবন্ধীকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস-এর বরাদ্দপত্র দেয়া হয়েছে। কর্মশালায় বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত তার বক্তব্যে কর্মশালার সফলতা কামনা করেন এবং বিনামূল্যে ব্যয়বহুল ডিভাইস প্রদানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।- প্রেস বিজ্ঞপ্তি