গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ এখনো বাকি ২০ ভাগ

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২১
প্রতিকূল অবস্থার মধ্যেই এগিয়ে চলেছে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভারের নির্মাণ কাজ। ইতিমধ্যে এর ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রকল্পটি বাস্তবায়নের সাথে জড়িত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। তবে প্রকল্প এলাকায় বিভিন্ন সেবা খাতের স্থাপনা সরানোর কাজে মন্থরগতি এবং হরতাল-অবরোধের মতো বিভিন্ন রাজনৈতিক সহিংসতার কারণে শেষ মুহূর্তে এসে প্রকল্পের কাজ খানিকটা প্রতিবন্ধকতার মুখে পড়েছে। সরকারের সাথে বাস্তবায়নকারী সংস্থার সম্পাদিত চুক্তি অনুযায়ী আসন্ন ডিসেম্বরের মধ্যে দেশের বৃহত্তম এই ফ্লাইওভারের কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে। প্রসঙ্গত, ১৯৯৮ সালে বিশ্ব ব্যাংক গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের জন্য আড়াইশ কোটি টাকা বরাদ্দ দেয়। এ নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে সরকারের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ফ্লাইওভারটি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিল সড়ক ও জনপদ অধিদপ্তর। ২০০০ সালে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় একটি সমীক্ষা সম্পন্ন হয়। এতে গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার ছাড়াও মহানগরীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালের উন্নয়ন, প্রধান প্রধান সড়ক সংস্কার ও উন্নয়ন, আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপন, পথচারী চলাচলের জন্য ফুটপাত ও ফুট ওভারব্রিজ নির্মাণ অন্তর্ভুক্ত ছিল; কিন্তু এ প্রকল্পের অন্যসব কাজ শেষ হলেও গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু বিলম্বিত হতে থাকে। অবশেষে ২০০৩ সালে এ ফ্লাইওভারের নির্মাণ কাজ হাতে নেয় তত্কালীন সরকার; কিন্তু সড়ক ও জনপদ অধিদপ্তরের পরিবর্তে প্রকল্পটি বিল্ট-ওন-অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। ওই বছর যখন প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয় তখন এর বিনিয়োগ ব্যয় ধরা হয় ৬৭০ কোটি টাকা এবং এর মোট দৈর্ঘ্য ছিল ৬ দশমিক ৭ কিলোমিটার। প্রায় দুই বছর পর ২০০৫ সালের ২১ জুন ফ্লাইওভারটি নির্মাণে ওরিয়ন গ্রুপের সাথে ঢাকা সিটি করপোরেশনের চুক্তি হয়; কিন্তু কাজ শুরুর পূর্ব মুহূর্তে তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে এ প্রকল্পের সকল কার্যক্রম স্থগিত করে দেয়। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসে এই ফ্লাইওভার নির্মাণের কার্যক্রম পুনরায় গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনা করে পুনরায় সমীক্ষা পরিচালনার মাধ্যমে ফ্লাইওভারের নকশা আধুনিকায়ন ও সম্প্রসারণের নির্দেশ দেন। এরপর সংশোধিত নকশায় ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় ১১ কিলোমিটার। ফ্লাইওভারের দৈর্ঘ্য ও আনুষঙ্গিক সুবিধা, নির্মাণ সামগ্রির মূল্য, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রভৃতি কারণে এ প্রকল্পের বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পেয়ে বর্তমানে ২ হাজার ১০৮ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে এই প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর আওতায় গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতে সম্পূর্ণ অর্থায়ন করছে ওরিয়ন গ্রুপ। এ প্রকল্পে সরকার বা ঢাকা সিটি করপোরেশনের কোনো অর্থ ব্যয় বা বরাদ্দ নেই। ২০১১ সালে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে প্রকল্প এলাকায় বিভিন্ন সেবা খাত যেমন ঢাকা ওয়াসা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), তিতাস গ্যাস এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিদ্যমান লাইন সরানোর কাজ ২০১০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়; কিন্তু এখন পর্যন্ত ঢাকা ওয়াসার পানি, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ কোন লাইনই সরানো হয়নি। এতে ফ্লাইওভারের নির্মাণ কাজ ত্বরান্বিত করায় সমস্যা সৃষ্টি হয়েছে। ওয়াসার লাইন অপসারণ না করার কারণে ফ্লাইওভারের ফাউন্ডেশনের ডিজাইন পুনরায় সংশোধন করে এর নির্মাণ পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে কাজ শুরু করতে হয়। অবশ্য ডিপিডিসি ওভারহেড ক্যাবল লাইন ও খুঁটি এবং বিটিসিএলের ক্যাবল ও অন্যান্য স্থাপনা সরানোর কাজ সম্প্রতি শুরু হয়েছে; কিন্তু প্রকল্প এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেয়া হলেও তা কার্যত বাস্তবায়িত হয়নি। গত বছর ডিসেম্বর মাসে সেবা খাতের স্থাপনা সরানো, রাস্তার ওপর যানবাহন পার্কিং বন্ধ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গত এপ্রিল মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ সিদ্ধান্ত পরিবর্তন করে এ কাজে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে; কিন্তু বিজিবি সদস্যদের এখনো নিয়োজিত করা হয়নি। এই ফ্লাইওভারের প্রকল্প পরিচালক জানান, নানা প্রতিকূল অবস্থার মধ্যেও প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক। আর মাত্র দুই মাসের কাজ বাকি। তিনি জানান, এ প্রকল্পে কর্মরত সকল কারিগরি জনবলই বিদেশি; কিন্তু হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে সংশ্লিষ্ট বিদেশি প্রকৌশলীদের নিরাপত্তার কারণে প্রকল্পের কাজ থেকে বিরত থাকতে হয়েছে। এছাড়া প্রকল্প এলাকায় যত্রতত্র বাস, ট্রাকসহ গাড়ি পার্কিং করায় ফ্লাইওভারের নির্মাণ কাজে ব্যবহূত ভারি যন্ত্রপাতি এবং নির্মিত সেগমেন্ট (ফ্লাইওভারের উপরিভাগ) পরিবহনে বাধার সৃষ্টি হচ্ছে। তবে গত ৬ মাস যাবত্ দেশে রাজনৈতিক অস্থিরতা না থাকলে নির্ধারিত সময়ের আগেই এই ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব হতো বলে তিনি জানান।