বাধ্যতামূলক অবসর দেয়ার বিধান রহিত করে বহুল আলোচিত সরকারি কর্মচারী আইন চূড়ান্ত করা হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার গণকর্মচারীকে অবসর দিতে পারবে। এ ছাড়া আইনে স্বেচ্ছা অবসর, পদত্যাগজনিত অবসর এবং অক্ষমতার কারণে যে কোনো কর্মচারীর অবসর গ্রহণের বিধান রাখা হয়েছে। স্থায়ী বেতন কমিশন গঠন এবং এর সুপারিশ মানা বাধ্যতামূলক করা হয়েছে আইনে। আইনের এসব বিধান কার্যকর হবে নির্ধারিত বিধির দ্বারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার ইত্তেফাককে বলেছেন, প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকল মহলের পরামর্শ নেয়া হয়েছে। আইনটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তার আশা, এ সরকারের মেয়াদেই এই আইন কার্যকর করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, আইনটিতে সরকারি কর্মচারীদের গ্রেফতারের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগপত্র আদালতে গৃহীত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাবে না। যদি অনিবার্য কারণে গ্রেফতারের প্রয়োজন হয় তবে সরকারের অনুমোদন নিতে হবে। চূড়ান্ত করা আইনে ১৬টি ধারা রাখা হয়েছে। উপ-ধারা রয়েছে ৬৯টি। ১৫ ধারায় সরকার বিধি দ্বারা যেসব বিষয় নির্ধারণ করবে বলে বলা হয়েছে, সেগুলো হচ্ছে- চাকরিতে নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা, অবসর ছুটি, পদায়ন, প্রেষণ, লিয়েন সংক্রান্ত শর্তাবলী; বিসিএস ক্যাডার কর্মকর্তা সংক্রান্ত বিশেষ বিধানাবলী; শৃংখলা ও আচরণ সংক্রান্ত বিষয়াবলী; অবসর সুবিধা; স্বেচ্ছা পদত্যাগ, স্বেচ্ছা অবসর ও অক্ষমতাজনিত অবসর; পদোন্নতির জন্য পরীক্ষা ও কর্মমূল্যায়ন সংক্রান্ত বিষয়; ক্যারিয়ার প্লানিং ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয়; উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত; অধিকার, প্রণোদনা, মৃত্যু, অক্ষমতা ও কল্যাণমূলক বিষয়াদি; অনগ্রসর ও সুবিধাবঞ্চিত বিশেষ জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গকে সুবিধা ও কোটা সংরক্ষণ সংক্রান্ত বিষয়।
অবসর, কর্মাবসান, পদত্যাগ সংক্রান্ত আইনের ১২ ধারায় বলা হয়েছে, সরকারি চাকরিতে অবসরের সাধারণ বয়স আইন ও বিধি দ্বারা নির্ধারণ করা হবে; আত্মপক্ষ সমর্থনের সযোগ না দিয়ে এবং বিভাগীয় কার্যক্রম গ্রহণ না করে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে না; তবে বিধি দ্বারা নির্ধারিত উপায়ে যে কেউ স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করতে পারবেন।
বিদ্যমান ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনে ২৫ বছর চাকরি পূর্ণ হলে সরকার যে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে বা ২৫ বছর পূর্ণ হলে যে কেউ স্বেচ্ছায় অবসর নিতে পারেন। বাধ্যতামূলক অবসর দেয়ার বিধানটি ইতিমধ্যে ‘রাজনৈতিক’ উদ্দেশ্যে ব্যবহার করা হয় এমন অভিযোগ তীব্র হয়েছে। বাধ্যতামূলক অবসর দেয়ার এ বিধান উচ্চ আদালতেও টিকছে না। এ পর্যন্ত বিভিন্ন সরকারের আমলে (বর্তমান সরকারের সময় ছাড়া) যেসব কর্মকর্তাকে অবসর দেয়া হয়েছে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করেছে।
আইনের ৮ ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারীদের জন্য একটি পৃথক স্থায়ী বেতন কমিশন থাকবে। এ কমিশন প্রতিবছর বাজারমূল্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি সমন্বয় এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করবে; সরকার বেতন কমিশনের সুপারিশ আমলে নেবে।
চাকরির শৃংখলা, নৈতিকতা, সততা স্বার্থের সংঘাত ইত্যাদি সংক্রান্ত আইনে বলা হয়েছে, গণকর্মচারী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং নিরপেক্ষভাবে নাগরিক সেবা নিশ্চিত করবেন; ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো আদেশ-নির্দেশ প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে তা তিনি মানবেন না এবং এরূপ না মানার জন্য কোনো গণকর্মচারীর শাস্তি হবে না। আইনের পরিধি সম্পর্কে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মচারীরা এই আইনের অধীন হবেন।
এ বিষয়ে সাবেক জনপ্রশাসন সচিব মোসলেহ উদ্দিন ইত্তেফাককে বলেন, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী গণকর্মচারীদের জন্য আইন প্রণয়নের বিধান রয়েছে; কিন্তু ৪২ বছর ধরে এ বিষয়টি উপেক্ষিত থেকেছে। এখন এই আইনটি করার উদ্যোগ ভাল। বাধ্যতামূলক অবসরের বিধান না থাকায় কর্মচারীদের এখন অকালে চাকরি হারানোর যে আশংকা তা দূর হবে। এতে তারা কাজে মনোনিবেশ করতে পারবেন। তিনি বলেন, দেরিতে হলেও আইনটি হচ্ছে সেটিই উল্লেখযোগ্য।
