গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিত ও যুদ্ধাপরাধের স্বচ্ছ বিচার দেখতে চান জন কেরি

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২২
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, উপযুক্ত ভবন নির্মাণ পদ্ধতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংশোধিত শ্রম আইন বিল দ্রুত জাতীয় সংসদে পাস করার তাগিদ দেন জন কেরি। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে ডন কেরি এই আহ্বান জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার তাগিদ দেন জন কেরি। মার্কিন পররাষ্ট্র দপ্তরে স্থানীয় সময় শুক্রবার দুপুরে প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা করেন। ডা. দীপু মনি জিএসপি সুবিধা অব্যাহত রাখা ও বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে জন কেরির প্রতি অনুরোধ জানান। জন কেরি বিষয়টি মনোযোগ সহকারে শুনেন এবং সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার নিশ্চয়তা দেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বি-পাক্ষিক বৈঠকে জন কেরি ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো দুর্যোগ বা জনগণের কষ্টের সময় বাংলাদেশের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেন। সাভারের রানা প্লাজা ভবন ধসের ফলে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারানোর ঘটনায় গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রম মান উন্নত করা, অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে। আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় অংশীদারিত্ব সংলাপ দুই দেশের মধ্যে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে আরো ঘনিষ্ঠ সহযোগিতার সৃষ্টি করবে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের জন্য এক বিরাট সমস্যা বলে জন কেরি মন্তব্য করেন। তিনি সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করেন। ডা. দীপু মনি তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। দীপু মনি বলেন, বিদ্যমান শ্রম আইন সরকার সংশোধন করেছে এবং আসন্ন বাজেট অধিবেশনে বিলটি পাস হবে। বিগত চার বছরে নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার অনেক কাজ করেছে। যুদ্ধাপরাধের বিচারের কাজ এগিয়ে চলছে। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কাঠামো সম্পর্কে মতামত দিতে বিরোধী দলকে সংলাপে আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বহু বছর ধরে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে; কিন্তু বর্তমানে অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক সীমাবদ্ধতার কারণে রোহিঙ্গাদের আর আশ্রয় দেয়া সম্ভব নয়। তিনি জামায়াত-শিবিরের দেশব্যাপী নারকীয় সন্ত্রাস ও হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পর্কে জন কেরিকে অবহিত ও সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। জন কেরি গ্রামীণ ব্যাংক ইস্যু উত্থাপন করলে ডা. দীপু মনি বলেন, প্রতিষ্ঠানটি আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা সম্পর্কে দীপু মনি অবহিত করেন। ডা. দীপু মনি বাংলাদেশে সফরের জন্য জন কেরিকে পুনরায় আমন্ত্রণ জানান। জন কেরি সম্ভাব্য দ্রুততম সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।