বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা খান জাহিদ হাসানসহ (৫৪) দুইজন। গতকাল শনিবার সকালে মোটরসাইকেলযোগে নিজ এলাকা ফকিরহাট যাওয়ার পথে খুলনা-মংলা মহাসড়কের রূপসা উপজেলার কুদির বটতলার আমদবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খান জাহিদ ছিলেন ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নিহত অপরজন হচ্ছেন ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মুন্না (৩৫)। পূর্ব থেকে ওঁেপতে থাকা সন্ত্রাসীরা তাদের গুলি করে।
বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার রায় জানিয়েছেন, খান জাহিদের শরীরে ১১ ও মুনার শরীরে ৮টি গুলি চিহ্ন রয়েছে। গতকাল পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীদের গ্রেফতারে বাগেরহাট, খুলনা, যশোর ও গোপালগঞ্জে পুলিশের ছয়টি দল কাজ শুরু করেছে।
ফকিরহাটের জনপ্রিয় এ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এক ঘন্টা বাগেরহাট-মাওয়া-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার অন্তর্গত আট্টাকি মোড়ে অবরোধ করে। তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করে অবরোধ তুলে দেয়। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
নিহত খান জাহিদ হাসান ফকিরহাট উপজেলা সদরের সাতশৈয়া গ্রামের সাবেক কলেজ শিক্ষক খান ইলিয়াস হাসানের ছেলে। চলতি মেয়াদসহ মোট তিনবার তিনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফকিরহাট বাজার কমিটি ও ফকিরহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত মোটরসাইকেল চালক মুন্না খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের মৃত সিদ্দিক আকনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। খান জাহিদ হাসান অনেক সময় তার ভাড়ার মোটরসাইকেলে যাতায়াত করতেন।
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল¬্যাহাট-চিতলমারী) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান বাগেরহাট-২ আসনের এমপি অ্যাড. মীর শওকত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মুহা. শুকুর আলী, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানসহ বাগেরহাট ও খুলনার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা তার বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এর আগে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পুলিশ প্রহরায় খান জাহিদ হাসানের লাশ ফকিরহাটে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। দুই দফা জানাজা শেষে তাকে ফকিরহাট বাজার সংলগ্ন নিজ বাড়িতে দাফন করা হয়।
পুলিশের খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মো. দিদারুল ইসলাম, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্য¬া, খুলনার পুলিশ সুপার : গোলাম রউফ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যেভাবে ঘটনা:খান জাহিদ হাসান ও মোটরসাইকেল চালক মুন্নাকে খুব কাছে থেকে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। হামলাকারীরা প্রথমেই মোটরসাইকেল চালককে খুব কাছ থেকে মুখে গুলি করে। ঘটনাস্থলেই মুন্না মারা যান। এ সময় জাহিদ হাসান দৌড়ে পালাতে চেষ্টা করেন। রাস্তার পাশের ঢালে তিনি পড়ে গেলে সন্ত্রাসীরা খুব কাছ থেকে তার পিঠে গুলি করে। গুলি বুক ভেদ করে যায়। আরেকটি গুলি লাগে তার হাতে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা ঘটনার প্রত্যক্ষদর্শী পেয়েছেন। হেলমেট পরা দশ জন হামলাকারী পাঁচটি মোটরসাইকেলে করে এসে সামনে-পেছনে দুই দিক থেকে জাহিদের মোটরসাইকেলটি ঘিরে ফেলে। তারা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে মোট তিনটি গুলি করে দুই জনকে হত্যা করে নির্বিঘ্নে চলে যায়।
কেন এই হত্যা: পুলিশ বা স্থানীয় মানুষ কেউই এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কোন কারণ সম্পর্কে মুখ খুলছেন না। তবে স্থানীয় একাধিক পুলিশ কর্মকর্তার সাথে আলাপ করে জানা গেছে যে, দলের অভ্যন্তরীণ কোন্দল বা স্থানীয় আধিপত্যের সংঘাত থেকে ভাড়াটে খুনী ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। পুলিশ দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আশাবাদী।
জাহিদের পরিবারের বক্তব্য: নিহত আওয়ামী লীগ নেতা খান জাহিদ হাসানের ছোট ভাই খান জাকির হাসান নির্দিষ্টভাবে কারও নাম উল্লে¬খ না করে বলেন, ‘বড় ভাইয়ের (জাহিদ হাসান) জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ তাকে হত্যা করেছে।’
নিহতের বাবা খান ইলিয়াস হাসান বলেন, ‘আমার ছেলে একজন ত্যাগী আওয়ামী লীগ কর্মী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।’
ডিআইজির বক্তব্য:পুলিশের খুলনা রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি দিদারুল ইসলাম মুঠোফোনে বলেন, আমরা হত্যার কারণ ও হত্যাকারীদের সম্পর্কে যে ক্লু পেয়েছি তাতে শীঘ্রই হত্যাকারীদের আটক করা সম্ভব হবে। খুলনা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জে পুলিশের ছয়টি দল হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে। হত্যা মিশনে পাঁচটি মোটরসাইকেলে আসা অন্তত দশ জন অংশ নেয় বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি:ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহিদ হাসানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে ফকিরহাট উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস।
