রানার মা জীবিত আছেন সহানুভূতি পেতে সে সময় মিথ্যা বলা হয়

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৪
রানা প্লাজার অন্যতম মালিক সোহেল রানার মা মর্জিনা বেগম জীবিত আছেন। ক্যান্সারে আক্রান্ত মর্জিনা বেগম শয্যাশায়ী। রানার এক আত্মীয়ের বাসায় আছেন তিনি। রানার বাবা আবদুল খালেক ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের কাছে এ তথ্য দিয়েছেন। বর্তমানে রানা ও তার বাবার দ্বিতীয় দফা রিমান্ড চলছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, সহানুভূতি পেতে রানার মায়ের মৃত্যুর সংবাদ ছড়ানো হয়। রানা প্লাজা ধসের তিনদিন পর অর্থাত্ ২৭ এপ্রিল তাদের আত্মীয়স্বজনদের কেউ কেউ প্রচার করে মর্জিনা বেগম হূদরোগে মারা গেছেন। আবার কেউ কেউ বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ক্যান্সারে মারা গেছেন। আত্মীয়স্বজনের সঙ্গে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা তখন নিশ্চিত করে বলেছিলেন, ২৭ এপ্রিল রাতে রানাদের মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলার জয়মন্টব গ্রামের বাড়িতে মর্জিনাকে দাফন করা হবে। তবে পরদিন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ করে যে, ধামরাই উপজেলার সোয়াপুর ইউনিয়নে আনন্দনগরে রানার নানীর বাড়িতে মর্জিনা বেগমের দাফন সম্পন্ন হয়। এর পরপরই ধামরাই থানার ওসি এস এম আলমগীরের নেতৃত্বে পুলিশ আনন্দনগর গ্রামে গিয়ে অনুসন্ধান চালান। সেখানকার বাসিন্দারা এবং রানার নানীর বাড়ির লোকজন পুলিশকে জানান, মর্জিনাকে এখানে দাফন করা হয়নি। এখানে দাফন করা হয়েছে রানা প্লাজা ধসে মারা যাওয়া এক কর্মীকে। তার নাম রবিন। সে রানা প্লাজার চতুর্থ তলায় একটি গার্মেন্টসে কাজ করতো। রবিন ওই গ্রামের আবদুল হামিদের ছেলে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এদিকে, রানার নানা বাড়ির লোকজন মর্জিনা বেগমের মৃত্যুর ব্যাপারে কিছুই জানেন না। রানার মামারাও তাদের বোনের মৃত্যুর সংবাদ পাননি বলে পুলিশকে জানান। পুলিশ সাভারে রানা ও তার বোনের শ্বশুরবাড়ি, তাদের আত্মীয়স্বজন ও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছেন মর্জিনা বেগম মারা যাননি। রানার চাচাতো ভাই জাহাঙ্গীর, তার স্ত্রী মুন্নী, রানার এক চাচী, রানার স্ত্রী মিতু, ফুপা আনোয়ার হোসেন, রানার ভায়রা ভাই রানাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানান, মর্জিনা বেগম জীবিত আছেন। পুলিশের নির্যাতন ও হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য তার মৃত্যু সংবাদ ছড়ানো হয়েছে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে রানার বাবা আবদুল খালেককে দ্বিতীয় দফা রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা জেলা ডিবিকে জানান, তার স্ত্রী জীবিত আছেন। গ্রেফতার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মর্জিনা বেগম ক্যান্সারের রোগী এবং শয্যাশায়ী। তাকে গ্রেফতার করলে পুলিশ উল্টো বিপাকে পড়তে পারে। ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, রানা, তার বাবা ও আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদে এবং বিভিন্ন তথ্য প্রমাণে আমরা নিশ্চিত হয়েছি মর্জিনা বেগম জীবিত আছেন।