বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপি’র সমর্থন নিয়ে নাগরিক সমাজের ব্যানারে প্রার্থী হওয়া জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল আগামীকাল সোমবার ঢাকা থেকে দলের শীর্ষ নেতাদের নিয়ে এখানে পৌঁছাবেন। আজ রবিবার তাদের ফেরার কথা থাকলেও এবায়দুল হক চাঁনের সাথে এখনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় একদিন বিলম্ব হচ্ছে বলে দলীয়সূত্র জানায়। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি চাইছেন ৩ প্রার্থীকে একত্রে এখানে নিয়ে এসে বড় ধরনের শো-ডাউনের মধ্য দিয়ে নির্বাচনের মাঠে নামা। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ প্রার্থীর মধ্যে এবায়দুল হক চাঁনকে এখনো নির্বাচন থেকে সরে দাঁড়ানো কিংবা আহসান হাবিব কামালের পক্ষে কাজ করার সম্মতি আদায় করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার বিকালে এবায়দুল হক চাঁন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি বিদ্রোহী প্রার্থী নই। বিদ্রোহী প্রার্থী হচ্ছে আহসান হাবিব কামাল ও এডভোকেট কামরুল আহসান শাহীন। তারা বিএনপি’র সভাপতি-সম্পাদক। দলীয় পরিচয়ে তারা মনোনয়ন দাখিল করেছেন। আমি মনোনয়ন দাখিল করেছি নাগরিক সমাজের প্রার্থী হিসাবে। এখন কামাল নিজেকে নাগরিক সমাজের প্রার্থী দাবি করলে আমি বিদ্রোহী প্রার্থী হচ্ছি এটা ঠিক নয়। সর্বোচ্চ আমাকে স্বতন্ত্র প্রার্থী বলা চলে। আমি বিএনপি’র আদর্শে বিশ্বাস করলেও দলে আমার কোনো পদ-পদবী নেই। স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ নির্বাচন করতে পারে। দলীয় পদ-পদবী না থাকায় তাকে বহিষ্কার করা যাবে না বলেও জানান এবায়দুল হক চাঁন।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আহসান হাবিব কামালকে প্রার্থী ঘোষণা দেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে এবায়দুল হক চাঁন বলেন সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চাঁনের এ অনড় অবস্থান নিয়ে যখন বিএনপি নেতারা ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন তখন নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন ও বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী এডভোকেট কামরুল আহসান শাহীন ইত্তেফাককে জানান, তারা জোটবদ্ধভাবে আহসান হাবিব কামালকে সমর্থন দিয়েছেন। সোমবার তারা সড়কপথে আহসান হাবিব কামালকে নিয়ে বরিশালে ফিরবেন। সে লক্ষ্যে নেতা-কর্মীরা বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদী স্ট্যান্ডে কামালকে সংবর্ধনার আয়োজন করেছে। স্থানীয় নেতা-কর্মীরা সেখানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আসা বিএনপি নেতাদের সংবর্ধনা দিয়ে মোটর শোভাযাত্রা সহকারে নগরীতে নিয়ে আসবেন।
