দুই নেত্রীর মানসিকতার পরিবর্তন ছাড়া সমস্যার সমাধান হবে না

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৫
দুই প্রধান নেত্রীর মানসিকতায় পরিবর্তন না ঘটলে রাজনৈতিক সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তিনি বলেন, সংকটের স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন খুব জরুরি। তবে এই মুহূর্তে বেশি জরুরি দুই নেত্রীর মানসিক পরিবর্তন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘রাজনীতি-মানবাধিকার : কোন পথে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, এডভোকেট আতাউর রহমান, মিয়া মোজাম্মেল হক, এডভোকেট আব্দুল্লাহ বাগমার প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া। ব্যারিস্টার রফিক-উল হক বলেন, জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো, দেশের প্রধান দুই দলের নেতাদের মধ্যে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। অথচ দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। দেশের মানুষ সচেতন। এখন আপনারা একটু বদলানোর চেষ্টা করুন। আপনাদের অনুরোধ করছি আলোচনায় বসুন। দুই প্রধান দলের নেতা-নেত্রীরা একে অপরকে নিয়ে যে ভাষায় কথা বলেন তার দৃষ্টান্ত বিশ্বের কোথাও নেই। সংলাপের বিষয়ে রফিক-উল হক বলেন, বিএনপি বলে তত্ত্বাবধায়ক সরকার আর আওয়ামী লীগ বলে অন্তর্বর্তীকালীন সরকার। যে যেভাবেই বলেন আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর এ বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। প্রফেসর এমাজউদ্দীন আহমদ বলেন, আলোচনা ছাড়া সমস্যার সমাধান করা যায় না। দুই দলের প্রধান মহিলা হওয়ায় সমস্যাটা একটু বেশি হয়েছে। কারণ, তাদের জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকে। খোলা থাকলে একটু ভালো হতো। তিনি বলেন, কোনো সরকার কেবল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেই গণতান্ত্রিক হয়ে যায় না। নির্বাচিত হওয়ার পরও কাজ থেকে যায়। তিনি বলেন, দেশে আজ ভিন্নমতের প্রকাশ যেভাবে ঘটছে, তাতে গণতন্ত্র টিকবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে। গণতন্ত্র রক্ষার্থে দুটি পথ খোলা আছে। একটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা অন্যটি ক্ষমতার মেয়াদ শেষ হলে নিরপেক্ষ ব্যক্তির কাছে ক্ষমতার হস্তান্তর। আমরা এখনো হতাশ হইনি। আমাদের বিশ্বাস রাজনীতিবিদরা আলোচনা পর্যালোচনার মাধ্যমে দেশের গণতন্ত্র নিশ্চিত করবেন।