বুধবার ভোর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চলে মহাসেনের তাণ্ডব। বরগুনার অবকাঠামোগত ক্ষতি ছাড়াও শুধু কৃষি ও মত্স্যখাতে প্রায় ৮২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এ তথ্য জানিয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্যমতে, জেলার ৪৬টি ইউনিয়নের ১ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার গরু ছাগল, ২২ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকার হাঁস-মুরগী, ৪৪ হাজার ৩৯৫ একর জমির ১৫ কোটি ৩৫ লাখ টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কৃষি খাতের ৩০ হাজার ৪৬৮ একর জমির ২১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার ফসলের আংশিক এবং ২শ’ একর জমিতে লবণ পানি ঢুকে ১০ লাখ টাকার আউশ চারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহাসেনের প্লাবনে মত্স্যখাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা ৩১২.৮৭ একর জমির চিংড়ি মাছের ঘেরের ১৫ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকার চিংড়ি পানিতে ভেসে গেছে। এছাড়াও অন্য মাছ চাষিদের ২৯৮টি ঘেরের প্রায় ৭ কোটি টাকার মাছ ও ৫১৮টি জেলে নৌকা ও ট্রলারের ক্ষয়-ক্ষতি হয়েছে। মহাসেন তাণ্ডবে প্রায় ২০ হাজার মানুষ আহত এবং ৭ জন নিহত হয়েছে। এছাড়া ১৩২টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, ৩৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং ১ লাখ ১৮ হাজার ৩০৫টি পরিবার ও ৬৮ হাজার ৬৬৮টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৬ হাজার ৮৫৬টি কাঁচা ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ২৮৭ কি.মি. ভেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ শাখা।
সবচেয়ে ক্ষতি হয়েছে এলাকার রবিশস্যের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ে কৃষকদের চীনাবাদাম, সূর্যমুখী ও রোপা আউশের চারার ক্ষতি হয়েছে। সদর উপজেলার নিশানবাড়িয়া, চালিতাবুনিয়া, নলটোনা, বদরখালী, ছোট বালিয়াতলী, ডালভাঙা, বরইতলা, গাজী মাহমুদ, গোড়া পদ্মা, গুলিশাখালী, তেঁতুলবাড়িয়া এলাকার অধিকাংশ ফসলের মাঠ তিন ফুট পানিতে তলিয়ে আছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। বরগুনার জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভুঞা জানান, মহাসেনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
