শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক কারণেও ক্রেতারা চলে যাচ্ছেন

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৮
শুধু শ্রমিক নিরাপত্তা ইস্যু নয়, রাজনৈতিক অস্থিরতাও পোশাক ক্রেতাদের মুখ ফিরিয়ে নেয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীদের কাজের হার ৬০ শতাংশ কমে গেছে। ব্যবসায়ীদের কথা ভেবে হলেও দুই দলকে সংলাপে বসে সমঝোতায় আসতে অনুরোধ করেছেন তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে পাঁচটি ব্যবসায়ী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেস্ট কোঞ্জ, নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কেরেল রিখটার, জাপানের সাবেক ভাইস মিনিস্টার হিরোইকি মিনামি উপস্থিত ছিলেন। জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেস্ট কোঞ্জ এ সময় বলেন, বর্তমান চলমান অস্থিরতা দূরীকরণে দু’দলকে আলোচনায় বসা উচিত। ব্যবসায়ীদের সমস্যাগুলো রাজনৈতিক দলগুলোর বিবেচনা করা উচিত। অর্থনীতি ধ্বংস করে রাজনীতির চর্চা কারো কাছেই কাম্য নয়। কেরেল রিখটার বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। সাভার ট্র্যাজেডির পরে বাংলাদেশের ওপর একটি চাপ আছে। এ সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে। ফ্রান্স-বাংলাদেশ চেম্বারের সভাপতি হুমায়ন রশীদ বলেন, ফ্রান্স দেড় বিলিয়ন ডলার মূল্যের পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে। ফ্রান্সের অনেক ক্রেতাই আর আগামী বছর আমাদের অর্ডার দিবে না বা কমিয়ে দিবে। রাজনৈতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায় ক্রেতারা। বাংলাদেশ জার্মান চেম্বারের সভাপতি আবু সাখাওয়াত বলেন, হরতালের কারণে মাসের ৬০ শতাংশ সময় কাজ করতে পারছে না ব্যবসায়ীরা। বর্তমান সমস্যা আমাদের রাজনৈতিক সমস্যা, অভ্যন্তরীণভাবেই তা সমাধান করা উচিত। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বলেন, রাজনীতির নামে যে বিশৃংখলা চলছে তা বন্ধ হওয়া উচিত। এ সমস্যা সমাধানে দুই দলকে আলোচনায় বসা উচিত। জাপান বাংলাদেশ চেম্বারের সভাপতি হিরোইকি ওঁটাবে বলেন, রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের এদেশে ব্যবসায় করতে নিরুত্সাহিত করছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহাজাদা হামিদ, নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফাউন্ডিং প্রেসিডেন্ট এরলি কোকারহাগ প্রমুখ।