ব্যবসায়ীদের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৮
দেশের পরিকল্পনাবিদ, নগরবিদ ও স্থপতিসহ বিশিষ্টজনরা বলেছেন, ভবনের নকশাকার, পরিকল্পনাবিদ বা সংশ্লিষ্টরা ভবন মালিকদের জন্য নকশা করে দেন, পরিকল্পনা দেন। কিন্তু যে ধারণার উপর দেশে ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদন করা হচ্ছে তা পরিবর্তন করতে হবে। ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদন করার পুরো প্রক্রিয়াটা ভুল। কেননা রাজনৈতিক এবং অন্যান্য প্রভাব খাটিয়ে নকশা এবং নির্দিষ্ট পরিকল্পনার বাইরে গিয়ে ভবন মালিকরা ভবন নির্মাণ করেন। তাই এ জন্য ভবন নির্মাণ নীতিমালা বাস্তবায়নে সরকারকে কঠোর হতে হবে। রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের মধ্যে যারা পরিকল্পনা ও নকশা না মেনে কিংবা অবৈধ উপায়ে নকশা অনুমোদন করিয়ে ভবন নির্মাণ করেছে বা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার ব্যবহার বন্ধ না হলে রানা প্লাজার ঘটনার চেয়ে বহুগুণ ট্রাজিক ঘটনা ঘটতেই থাকবে। গতকাল শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বার্ষিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। নগর গবেষণা কেন্দে র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোসাইটি মিলনায়তনে ‘বাংলাদেশের নগরায়নে সামপ্রতিক গবেষণা’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স’র সভাপতি অধ্যাপক গোলাম রহমান বলেন, পুঁজিপতিদের অতিরিক্ত মুনাফা অর্জনের লোভের কারণে শ্রমিক অধিকার সংরক্ষিত হচ্ছে না। ব্যবসায়ীদের একটি বড় অংশ রাজনৈতিক গোষ্ঠীর সাথে এক ধরনের সমঝোতা করে অবৈধ ও অন্যায় উপায়ে ব্যবসা পরিচালনা করছেন। অনেক রাজনৈতিক নেতা প্রভাব খাটিয়ে অল্প পুঁজিতে অধিক মুনাফা লাভ করতে গিয়ে শ্রমিকদের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছেন। রানা প্লাজার দুর্ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সমন্বিত ও সম্পূর্ণ পরিকল্পনা এখনও পাওয়া যায়নি। সম্মেলনের তৃতীয় অধিবেশনে সাম্প্রতিক সময়ে সংঘটিত সাভার ট্রাজেডির উপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নগর গবেষণা কেন্দে র সাম্মানিক চেয়ারম্যান নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমরা পরিকল্পনা করে দিই। কিন্তু তারপর কী হয়? অধিকাংশ ক্ষেত্রেই তা সম্পূর্ণরূপে মানা হয় না।’ তিনি বলেন, এত কষ্ট করে নগরায়ন নীতিমালা তৈরি করা হলো কিন্তু এখনও পড়ে আছে। সরকারের একটি অংশ কিংবা রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে পরিকল্পনা বা নীতিমালা বাস্তবায়িত হতে পারে না। এ থেকে উত্তরণ না ঘটলে ভবন নির্মাণ কিংবা নগরায়ন পরিস্থিতির উন্নতি হবে না। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নগরায়ণকে দেশের উন্নয়ন কৌশলের অন্তর্ভুক্ত করে পরিকল্পিতভাবে নগরসমূহকে দেশের অর্থনীতিক শক্তি হিসাবে তৈরি করতে হবে। তিনি বলেন, নগরের মাস্টার প্ল্যান তৈরি করার দায়িত্ব নির্দিষ্ট পৌরসভাকে দেয়া হয়েছে। কিন্তু এটি অন্যায় প্রভাবমুক্ত থেকে কতটুকু সম্পন্ন হতে পারছে? আর ঢাকায় বা এর আশপাশে মাস্টার প্ল্যান করার প্রকৃত ও চূড়ান্ত দায়িত্ব কার, রাজউক না পৌরসভার, এ নিয়েও প্রশ্ন রয়েছে। অর্থনীতিবিদ অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের গার্মেন্টস শিল্প দেখলে মনে হয় এখানে শিল্পটাই প্রধান, যারা এর জন্য কাজ করছে তারা নয়। সালমা শফিক বলেন, পৌরসভাগুলো সমানে ১০ থেকে ২০ তলা ভবন নির্মাণের অনুমোদ দিয়ে যাচ্ছে। অথচ এজন্য যে কমিটি দরকার তা সেখানে নেই। স্থপতি ড. শহিদুল আমিন বলেন, রাজউকের প্রকৃত ক্ষমতা কম। এটি বাড়াতে হবে। রাজউকে প্রশাসিনক প্রকৌশলী আছে কিন্তু নকশাবিদ প্রকৌশলী নেই। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর গবেষণা কেন্দে র সাম্মানিক সচিব অধ্যাপক নুরুল ইসলাম নাজেম, ভূগোলবিদ অধ্যাপক একিউএম মাহবুব, ভূগোলবিদ অধ্যাপক মেজবাহ্ উস সালেহীন প্রমুখ। কেন্দে র সহ-সভাপতি অধ্যাপক রোজী মজিদ আহসানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নগরায়ন বিষয়ে আটটি প্রবন্ধ উপস্থাপন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও গবেষকরা।