উখিয়ায় চিংড়ি ঘেরে ভাইরাস

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৮
রফতানিযোগ্য চিংড়ি উত্পাদন এলাকা উখিয়ার পালংখালীতে চিংড়ি চাষাবাদে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। ভাইরাস জনিত কারণে প্রায় ৫শ’ একর চিংড়ি ঘেরে চলতি মৌসুমে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিনিয়োগকারী চিংড়ি চাষিরা রফতানিযোগ্য চিংড়ি চাষাবাদে নিরুত্সাহিত হয়ে পড়ছেন। সরজমিনে এ উপজেলার পালংখালী চিংড়ি উত্পাদন এলাকা ফারিরবিল, আনজুমানপাড়া, রহমতের বিল, থাইংখালী, বালুখালী এলাকা ঘুরে চিংড়ি চাষিদের সাথে কথা বলে জানা গেছে, ইনানী বীচ এলাকায় প্রতিষ্ঠিত চিংড়ি পোনা উত্পাদন হ্যাচারী প্রতিষ্ঠান থেকে ক্রয়কৃত পোনা ঘেরে অবমুক্ত করে ৩ মাসের ব্যবধানে চিংড়ি ঘেরে ভাইরাসে আক্রান্ত হয়। এতে প্রায় ২০ কোটি টাকার চিংড়ি মারা যায়। চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠান মালিকদের সাথে আলাপ করা হলে তারা জানান, প্রতি মৌসুমে অত্র এলাকায় উত্পাদিত প্রায় ২৫ কোটি টাকার চিংড়ি বিদেশে রফতানি হয়ে থাকে। তারা আরো জানান, স্থানীয় কৃষকেরা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক,বীমাসহ স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুধে ঋণ নিয়ে চিংড়ি চাষাবাদ উন্নয়ন খাতে বিনিয়োগ করেছে। এমতাবস্থায় সরকারি নীতিমালা অনুযায়ী চিংড়ি ঘেরে পরিচর্যা করেও মহামারী আকারে চিংড়ির মড়ক দেখা দেয়ায় প্রায় ৩ শতাধিক চিংড়ি চাষি সর্বস্বান্ত হয়ে চিংড়ি চাষাবাদের উপর নিরুত্সাহিত হয়ে পড়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা হুমায়ুন মোরশেদ জানান, কিছু কিছু হ্যাচারীতে নিম্নমানের চিংড়ি পোনা উত্পাদন হয়। এসব চিংড়ি পোনা কম মূল্যে চাষিরা ক্রয় করে ঘেরে অবমুক্ত করে। মাস দুয়েক পরে চিংড়ি ঘেরে ভাইরাসে আক্রান্ত হয়। ফলে এসব চিংড়ি অকালে মারা যায়। এব্যাপারে চাষিদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।