বিসিএস :কোটা পদ্ধতির সরলীকরণ চায় পিএসসি

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:২৯
বর্তমান কোটা পদ্ধতির জটিলতার কারণে ‘শতভাগ নিখুঁতভাবে’ উপযুক্ত প্রার্থী নির্বাচন প্রায় অসম্ভব বলে মনে করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে কোটা সংক্রান্ত নীতিমালার প্রয়োগ অত্যন্ত জটিল, দুরূহ এবং সময় সাপেক্ষ বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে উপযুক্ত প্রার্থী মনোনয়নে প্রচলিত কোটা প্রয়োগ পদ্ধতির সরলীকরণের সুপারিশ করেছে পিএসসি। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘প্রচলিত কোটা পদ্ধতি প্রয়োগ অনেকটা জটিল ও সময় সাপেক্ষ। কোটায় যাই থাকুক, তা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। অনেক ক্ষেত্রে প্রাধিকারের ভিত্তিতে এক কোটায় নিয়োগ দিতে গিয়ে অন্য কোটায় কম পড়ে। কোটার শর্ত পূরণ করতে গিয়ে নিয়োগের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি। এ জন্য সরলীকরণের জন্য অফিসিয়ালি সরকারকে চিঠিও দেয়া হয়েছে।’ পিএসসি সূত্র জানিয়েছে, প্রতিবছরই কোটা পদ্ধতি সরলীকরণের জন্য সুপারিশ করা হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোন ইতিবাচক সাড়া পায়নি কমিশন। এ জন্য কমিশন সরকারের উচ্চ পর্যায়ে কোটা পদ্ধতি পরিবর্তন নয়, শুধু সরলীকরণের জন্য চিঠি দিয়েছে। তবে কমিশন আশা করছে, আজ হোক আর কাল হোক সরকারকে অবশ্যই কোটা পদ্ধতির সরলীকরণ করতে হবে। পিএসসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন-২০১২-তে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে কোটা অনুযায়ী পদ বন্টন সংক্রান্ত বর্তমান প্রচলিত নীতিমালা কমিশন পরিপূর্ণ নিষ্ঠার সাথে অনুসরণ করে থাকে। কিন্তু বর্তমানে কোটা সংক্রান্ত যে নীতিমালা চালু আছে, তার প্রয়োগ ‘অত্যন্ত জটিল, দুরূহ ও সময় সাপেক্ষ’। কোটা বন্টন নীতিমালা বাধ্যবাধকতার কারণে মুক্তিযোদ্ধা, মহিলা এবং উপজাতীয় কোটায় প্রার্থী না পাওয়ার পরিপ্রেক্ষিতে কতিপয় ক্যাডারে নিয়মানুগভাবে পদ সংরক্ষণ করতে হয়। প্রচলিত কোটা পদ্ধতির জটিলতার কারণে উপযুক্ত প্রার্থী নির্বাচন শতভাগ নিখুঁতভাবে সম্পাদন করা প্রায় অসম্ভব। প্রার্থীদের বিভিন্ন ক্যাডারের চাকরির পছন্দক্রম এবং কোটার সাথে বিভিন্ন জেলা/বিভাগের জন্য আরোপিত সংখ্যাগত সীমারেখা সংযুক্ত হয়ে এমন একটি বহুমাত্রিক সমীকরণ কাঠামোর সৃষ্টি করেছে- যা নির্ভুল সমাধান করা নির্ধারিত সময়ের মধ্যে মানবীয়ভাবে অসম্ভব। এই পরিপ্রেক্ষিতে কমিশন মনে করে, বিসিএস পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী মনোনয়নের জন্য বর্তমানে প্রচলিত কোটা প্রয়োগ পদ্ধতির সরলীকরণ অপরিহার্য। স্বল্প সময়ে, সুচারুরূপে ও নির্ভুলভাবে বিসিএস পরীক্ষাসহ নন-ক্যাডার ১ম ও ২য় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রস্তুত করার লক্ষ্যে কোটা প্রয়োগ পদ্ধতি সরলীকরণ করা একান্ত আবশ্যক। অন্যথায় কোটা প্রয়োগ জটিলতা থেকে উত্তোরণ সম্ভব নয়।’ পিএসসির সুপারিশ কোটা পদ্ধতি সরলীকরণের ক্ষেত্রে পিএসসির সুপারিশ-মুক্তিযোদ্ধা, মহিলা ও উপজাতি প্রাধিকার কোটায় নিয়োগ হবে জাতীয় পর্যায়ে প্রার্থী বণ্টনের ভিত্তিতে। এর ভেতরে আবার জেলা বা বিভাগভিত্তিক কোটা বা জনসংখ্যার ভিত্তিতে নিয়োগের হিসাব আনলেই জটিলতা বেড়ে যাবে। তবে এ ধরনের পদসমূহ জাতীয়ভিত্তিক নিজস্ব মেধানুক্রম অনুযায়ী উক্ত কোটায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বণ্টন করা যেতে পারে। উপরোক্ত সুপারিশের বিষয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, কমিশনের সুপারিশের বিষয়ে এখন পর্যন্ত কোন অগ্রগতি জানা যায়নি। বর্তমান ব্যবস্থায় বিশেষ বিসিএস ছাড়া অন্য সব বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি কোটায় ৩০ শতাংশ, মহিলা কোটায় ১০ শতাংশ, উপজাতি কোটায় ৫ শতাংশ এবং জেলা কোটায় ১০ শতাংশ নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ রয়েছে। তবে এটি ৫৫ শতাংশ কোটা থেকে প্রাধিকার ভিত্তিতে বন্টন করা হয়। বয়সসীমা তুলে দেয়ার সুপারিশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি কলেজে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিরত প্রার্থীদের বয়সসীমাও তুলে দেয়ার সুপারিশ করেছে পিএসসি। প্রতিবেদনে বলা হয়েছে, এ পদসমূহে সরকারি কলেজে চাকরিরত প্রার্থীদের বয়সসীমা যেভাবে উল্লেখ আছে তাতে অনেক সময় অধিকাংশ যোগ্য চাকরিরত প্রার্থীরাও আবেদন করতে পারেন না। এজন্য কমিশন চাকরিরত প্রার্থীদের বয়সসীমা উঠিয়ে দেয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে। তবে এর আগের বছরেরও একই ধরনের সুপারিশ করা হলেও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। এই বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয়া জরুরি বলে মনে করছে পিএসসি। মেধা ও কোটায় নিয়োগ সুপারিশ পিএসসির ৩১তম বিসিএস পরীক্ষায় ২ হাজার ৬৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে নেয়া হয়েছে ১ হাজার ২৪২, মুক্তিযোদ্ধা কোটায় ৩২২, মহিলা ২৩৭, উপজাতি ১৬, জেলা ২৫০ এবং প্রতিবন্ধী কোটায় ২ জন। ৩০ তম বিসিএসে সুপারিশকৃত ২ হাজার ৩৬৭ জনের মধ্যে মেধার ভিত্তিতে ১ হাজার ৪১১ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৩৪৭ জন, মহিলা কোটায় ২৯২ জন, উপজাতি ১১ জন এবং জেলা কোটায় ২০৬ জন রয়েছে। ২৯তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশকৃত ১ হাজার ৭২২ জনের মধ্যে মেধায় ১ হাজার ১০৪, মুক্তিযোদ্ধা কোটায় ২৩১, মহিলা ১৭৫, উপজাতি ১৭ এবং জেলা কোটায় ১৯৫ জন। ২৮তম বিসিএসে সুপারিশকৃত ২ হাজার ১৯০ জনের মধ্যে মেধায় ১ হাজার ৩৫৩, মুক্তিযোদ্ধা কোটায় ২৭৭, মহিলা ২৫৭, উপজাতি ১০ এবং জেলা কোটায় ২৯৩ জন রয়েছে। ২৭তম বিসিএসে মোট ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এর মধ্যে মেধায় ২ হাজার ৫৮৭, মুক্তিযোদ্ধা কোটায় ২৯০, মহিলা ১৭৩, উপজাতি ২৩ এবং জেলা কোটায় ১৬৬ জন।