গার্মেন্টস শিল্পের সমস্যা সম্পর্কিত এক গোলটেবিল আলোচনায় বিশিষ্টজনেরা বলেছেন, সুশাসনের অভাবে গত চার দশকে দেশে অসংখ্য রানা তৈরি হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনায় ক্রমাগত দুর্বৃত্তায়ন ও সুবিধাবাদী চরিত্রের বিকাশের ফলে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে নাগরিকদের জন্য ভয়ংকর এক নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি হয়েছে। সামপ্রতিককালে গার্মেন্টস শিল্পে একের পর এক বিপর্যয় এবং সবশেষ রানা প্লাজা ধসের মাধ্যমে সহস্রাধিক মানুষের জীবনহানি তারই ফল। সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দেশের ‘পোশাক শিল্পের সমস্যা ও প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক’ এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা।
সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, গণস্বাস্থ্য কেন্দে র ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমদ, ড. হামিদা হোসেন, অধ্যাপক অজয় রায়, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মান্নান, স্থপতি ইকবাল হাবিব, কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পথিক, সাভার দুর্ঘটনায় উদ্ধার সহায়তা প্রদানকারী ব্যবসায়ী মইনউদ্দিন মোনেম প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
আলোচনায় অংশ নিয়ে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, রানারা সব সময় সকল সরকারের আনুকূল্য পেয়ে আসছে। এ ধরনের লোকেরাই সর্বত্র দুর্বৃত্তায়নের বিস্তার ঘটিয়েছে এবং রাষ্ট্র তাদের কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। তিনি বলেন, যতদিন পর্যন্ত আইনের সঠিক প্রয়োগ না হবে, ততদিন রানাদের উত্থান ঘটতেই থাকবে।
তিনি বলেন, সংসদের বর্তমান এমপিদের মধ্যে ১২৫ জন রয়েছেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। তাই তাদের দিয়ে শ্রমিকের অধিকার রক্ষা সম্ভব নয়। তিনি বলেন, জনপ্রশাসনে জবাবদিহিতার ব্যবস্থা চালু নেই বলেই ভেঙ্গেপড়া ভবনকে ঝুঁকিমুক্ত ঘোষণা দেয় স্থানীয় ইউএনও। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা। কিন্তু তা না করে উল্টো পিলার নাড়ানোর উদ্ভট তত্ত্ব দেয়া হলো।
সভাপতির বক্তব্যে এম হাফিজউদ্দিন খান বলেন, সাভার ট্র্যাজেডির জন্য সবার আগে স্থানীয় ইউএনওসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে গ্রেফতার করা দরকার ছিল। কিন্তু তা হয়নি। হয়নি বলেই আগামীতেও এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দেশের প্রশাসনের টপ টু বটম কোথাও কর্মকর্তাদের জবাবদিহিতা নেই।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশটা আজ সত্যিই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, দালালদের দখলে। বাজিকরদের আধিপত্য যতদিন থাকবে রানাদের উত্থান ও দাপট ততদিন চলতেই থাকবে।
ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, বছরে শ্রমিক প্রতি মাত্র দুইশ’ থেকে তিনশ’ টাকা খরচ করলেই গার্মেন্টস শ্রমিকদের সারাজীবনের জন্য স্বাস্থ্যবীমা হয়ে যায়। এ পদক্ষেপ নিলে বিদেশেও আমাদের গার্মেন্টস শিল্পের সুমান বাড়বে। নয়তো এ শিল্পকে বাঁচানো সম্ভব হবে না। কারণ এ শিল্পকে কেন্দ্র করে বহুমুখী ষড়যন্ত্র চলছে।
